ওয়ানডে দলেও হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠের চোট এখনো পুরোপুরি সারেনি। তার পরও মাইকেল ক্লার্ক আছেন ভারত সফরের অস্ট্রেলিয়া দলে। তবে দলে জায়গা পাননি ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার। বাদ পড়েছেন আলোচিত লেগ স্পিনার ফাওয়াদ আহমেদও। আর দলে ফিরেছেন ব্র্যাড হাডিন ও জেভিয়ার ডোহার্টি। আগামী ১০ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টির তিন দিন পর শুরু হবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ, যার শেষটি ২ নভেম্বর।
দলে আছেন বটে, তবে ক্লার্কের খেলা নিয়ে সংশয় এখনো পুরোপুরি কাটেনি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি এক বিবৃতিতে বলেছেন, ‘মাইকেল ক্লার্কের পিঠের ব্যথাটা আবার ফিরে এসেছে। ফিটনেস ফিরে পাওয়া সাপেক্ষেই তাঁকে নেওয়া হয়েছে।’ ক্লার্ক অবশ্য আশাবাদী। গত বুধবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, এটা (পিঠের চোট) বেশ ভোগাচ্ছে। আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে দেখব, এই মুহূর্তে আমার কী করা উচিত। যত দূর পারি, ফিট হয়ে ওঠার চেষ্টা করব।’
ক্লার্কের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্তে বিস্ময়ের কিছু নেই। ওয়েডের বাদ পড়াটাকেও বিস্ময় বলা কঠিন। অ্যাশেজে হাডিনের কাছে টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এমনই খারাপ করেছেন যে, সীমিত ওভারের ম্যাচেও নির্বাচকদের ফিরিয়ে আনতে হলো ৩৫ বছর বয়সী হাডিনকে। অ্যাশেজে সুযোগ পেয়ে সর্বোচ্চ ডিসমিসালের নতুন রেকর্ড করেছিলেন হাডিন। ইনভেরারিটিও মনে করিয়ে দিয়েছেন সেটি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না ওয়ার্নার। ভারত সফরের জন্যও উপেক্ষিতই থেকে গেলেন জো রুটের সঙ্গে পানশালা কেলেঙ্কারির খলনায়ক। লেগ স্পিনার ফাওয়াদের বদলে দলে এসেছেন বাঁহাতি স্পিনার ডোহার্টি। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনারও তিনিই। ইংল্যান্ডে হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত শন মার্শের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার ময়জেস হেনরিকেস।
ক্লার্ক যেতে পারবেন কি না, অনিশ্চিত। তবে কোচ ড্যারেন লেম্যান নিশ্চিতভাবেই ভারত সফরে সঙ্গী হচ্ছেন না দলের। তাঁর দায়িত্বটা পালন করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। লেম্যানের না যাওয়ার কারণ কিছুটা ক্লান্তি, কিছুটা আগামী অ্যাশেজ মাথায় রেখে রাজ্য দলগুলোর সঙ্গে কাজ করা। রয়টার্স।
ভারত সফরের অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, ফিল হিউজ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), অ্যাডাম ভোজেস, ব্র্যাড হাডিন, ময়জেস হেনরিকেস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, জেমস ফকনার, নাথান কোল্টার-নাইল, ক্লিন্ট ম্যাকাই, জেভিয়ার ডোহার্টি।