গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। পরশু ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজটা জিতে এক নম্বরে আরও জাঁকিয়ে বসল দলটি। কাল আইসিসি প্রকাশ করেছে নতুন ওয়ানডে র্যাঙ্কিং। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন শুধু একটাই, ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। অস্টেলিয়ার পয়েন্ট ১১৪, ইংল্যান্ডের ১১২। পরিবর্তন এসেছে র্যাঙ্কিং পদ্ধতিতেও। আগে পূর্ববর্তী তিন বছরের হিসাব রাখা হতো, এখন বিশ্বকাপের আগে পূর্ণাঙ্গ চিত্র পেতে হিসাব রাখা হচ্ছে চার বছরের। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল। আইসিসি বিজ্ঞপ্তি।