ওয়ানডে সংস্কারের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই প্রান্তে দুই নতুন বল, বৃত্তের বাইরে সর্বোচ্চ চার ফিল্ডারের উপস্থিতি। এক দিনের ক্রিকেটে এসব নতুন নিয়ম চালু করতে বড় ভূমিকা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডসের। সেই এডওয়ার্ডসের মাথায় এখন ওয়ানডে ক্রিকেট সংস্কারের ভাবনা। আইসিসির এই প্রভাবশালী কর্মকর্তা এখন ওয়ানডে ক্রিকেটের নতুন নামকরণ করতে চাইছেন। পরিবর্তন আনতে চাইছেন বিশ্বকাপ বাছাইয়ের কাঠামোতেও।
এডওয়ার্ডস মনে করেন ওয়ানডের নাম পাল্টে ‘বিশ্বকাপ ক্রিকেট’ রাখা উচিত। এ ছাড়া পয়েন্ট ও র্যাঙ্কিং পদ্ধতি বদলে চারসালা পরিকল্পনা করার কথা বলছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপ নিয়ে এডওয়ার্ডসের প্রস্তাবগুলো নিয়ে আগামী সপ্তাহে মেলবোর্নে আইসিসির উপকমিটির সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলীয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে এডওয়ার্ডস জানিয়েছেন নতুন প্রস্তাবের কথা, ‘আমি ৫০ ওভারের ক্রিকেটে নতুন কিছু দেখতে চাই। এটাকে বলতে চাই বিশ্বকাপ ক্রিকেট। আমি এমন একটি কাঠামো দাঁড় করাতে চাই যেখানে বছর শেষে শীর্ষ দুটি দল তিন ম্যাচের প্লে-অফ (সিরিজ) খেলবে। দ্বিতীয় বছরে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি, যেটিকে আমি বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট বলতে চাই। তৃতীয় বছরে বিশ্বকাপের র্যাঙ্কিং পেয়ে যাব, চতুর্থ বছরে বিশ্বকাপ। এই কাঠামোয় প্রতিবছরই দলগুলো শীর্ষে ওঠার জন্য লড়াই করার সুযোগ পাবে।’ ক্রিকইনফো।