ওয়ানডে সিরিজও পাকিস্তানের

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা জিতে বেশ ভালো লড়াইয়েরই ইঙ্গিত দিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু পরের দুটো ম্যাচে আর খুঁজে পাওয়া গেল না প্রথম ম্যাচের জিম্বাবুয়েকে। আজ তৃতীয় ম্যাচে পাকিস্তান জিতেছে ১০৮ রানের বড় ব্যবধানে। জয়ের জন্য ২৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভার বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। টি-টোয়েন্টির পর আজকের এই জয় দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটাও জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান।
তিন তিনটা রানআউটই ধস নামিয়েছে জিম্বাবুয়ের ইনিংসে। ভালো ফর্মে থাকা অধিনায়ক ব্রেন্ডন টেলর (২৬), শেন উইলিয়ামস (২) ও প্রসপার উতসেয়াকে (২৩) সাজঘরে ফিরতে হয়েছে রানআউটের ফাঁদে পড়ে। ম্যালকম ওয়ালার ৪৮ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় লম্বা একটা জুটি গড়ে তোলার মতো সঙ্গীই পাননি এই ডানহাতি ব্যাটসম্যান। সপ্তম উইকেটে উতসেয়া ও ওয়ালারের ৫৮ রানের জুটিটাই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। আবদুর রেহমান ও সাইদ আজমলের কৃপণ বোলিংয়ের মুখে রানের চাকা ঘোরাতেও বেশ কষ্ট করতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ৮ ওভার বল করে মাত্র ২৩ রানের বিনিময়ে দুইটি উইকেট পেয়েছেন রেহমান। আজমলও পেয়েছেন দুটি উইকেট। ডানহাতি এই অফস্পিনার সাত ওভার বল করে দিয়েছেন মাত্র ১৫ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মিসবাহ-উল-হকের ৬৭, আহমেদ শেহজাদের ৫৪, নাসির জামশেদের ৩৮ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৬০ রান জমা করেছিল পাকিস্তান।