ওয়ানডেতে থাকছেন সাউদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্টন ডেভচিচ
অ্যান্টন ডেভচিচ

ড্যানিয়েল ভেট্টোরিকে সামলানো বা মার্টিন গাপটিলকে দ্রুত ফেরানোর ঝামেলায় যেতেই হচ্ছে না বাংলাদেশের বোলারদের। চোটের কারণে টেস্টের মতো বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের নিউজিল্যান্ড দলেও নেই এই দুজন। তবে টেস্টে না থাকলেও রঙিন পোশাকে ফিরছেন দলের মূল স্ট্রাইক বোলার টিম সাউদি। ১৫ সদস্যের দলে নতুন মুখ শুধু অ্যান্টন ডেভচিচ।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সদ্য সমাপ্ত ভারত সফরে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন ডেভচিচ। এক দিনের ম্যাচের সিরিজে প্রথম ও শেষ ম্যাচে করেছেন ৪৮ ও ৬৬। গাপটিলের চোটে এবার সুযোগ পেয়ে গেলেন মূল দলেও। সম্ভবত হামিশ রাদারফোর্ডের সঙ্গে ইনিংস ওপেন করবেন ২৮ ছুঁই-ছুঁই বাঁহাতি ব্যাটসম্যান। প্রধান নির্বাচক ব্রুস এডগার জানালেন, ব্যাটিংয়ের সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং ও বাঁহাতি স্পিনকেও বিবেচনায় নেওয়া হয়েছে ডেভচিচকে দলে নেওয়ায়।
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি ও অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। তবে বরাবরের মতোই অলরাউন্ডারের অভাব নেই দলে। ১৫ সদস্যের দলে অলরাউন্ডার সাতজন! দলে ফিরেছেন অলরাউন্ডার জিমি নিশাম ও ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয়েছিল মিলনের। আলোচনায়ও এসেছিলেন গতির ঝড় তুলে। তবে পিছু না ছাড়া চোটের কারণে এখনো পর্যন্ত খেলতে পেরেছেন মাত্র দুটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি। তাঁর দলে ফেরায় বলের গতিই বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন এডগার।
বাংলাদেশ সফরে প্রথমে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। ওয়েবসাইট।
নিউজিল্যান্ড দল
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, অ্যান্টন ডেভচিচ, গ্রান্ট এলিয়ট, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মানরো, জিমি নিশাম, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেলর, কেন উইলিয়ামসন।