ওয়ানডেতে প্রত্যাশা গেল বেড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির চোখে
মাশরাফির চোখে

বাংলাদেশ দলকে অভিনন্দন। বৃষ্টি একটা বাধা হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা ভালো খেলেই ড্র করেছি আমরা। টেস্ট দলে না থাকলেও দলের খেলোয়াড়দের চেয়ে কম আনন্দিত নই আমিও।
টেস্টে নিউজিল্যান্ড আমাদের চেয়ে অনেক ভালো দল। অনেক দিন ধরে খেলছে তারা। তাদের রেকর্ড ভালো, দলে ভালো ভালো খেলোয়াড়ও আছে। পেশাদারির দিক দিয়েও আমাদের চেয়ে অনেক এগিয়ে। গত এক বছর আমরা টেস্টে ভালো খেললেও নিউজিল্যান্ড খারাপ দল হয়ে যায়নি। সে হিসেবে এই ড্র আমাদের জন্য অনেক বড় অর্জন।
অন্যান্য সিরিজের তুলনায় এবার শুরু থেকেই একটা জিনিস ব্যতিক্রম ছিল। শুরু থেকেই টেস্ট সিরিজে জেতার কথা বলেছি। মুশফিকসহ দলের সবাই অনেক ইতিবাচক ছিল। আমার ধারণা, ভেতর থেকে আসা এই আত্মবিশ্বাসই দলকে অনেক এগিয়ে দিয়েছে এবং সেটার প্রতিফলন দেখা গেছে পারফরম্যান্সেও। সোহাগ-মুমিনুলের পারফরম্যান্স তো ছিল বিশ্বমানের। তারা এত ভালো খেলেছে যে সাকিবের ৫ উইকেটও সেভাবে চোখে পড়ছে না। অথচ অন্য সময় দেখা যেত কেউ ৫-৬ উইকেট নিলে সেটা নিয়েই আমরা আলোচনা করতাম। এবার তা হচ্ছে না। তবে সাকিবের চোট কাটিয়ে ফেরাটাকেও এই সিরিজের বড় প্রাপ্তি বলব আমি। ওর ফেরাটা দরকার ছিল।
টেস্ট সিরিজ ড্র করার পর এখন ওয়ানডে সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে যাবে স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখা দরকার, ২-৩ বছর ধরে নিউজিল্যান্ডও আমাদের মতো ওয়ানডেতে ভালো খেলছে। টেস্টে তারা বেশির ভাগ সময় নিজেদের মাটিতেই ভালো খেলে। কিন্তু ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তারা সব সময়ই ভারসাম্যপূর্ণ দল। কাজেই ওয়ানডে সিরিজে ভালো কিছু পেতে হলে আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিশেষ করে যারা টেস্টে ভালো করেছে, তাদের ওয়ানডেতে আরও ভালো খেলতে হবে। অন্যদেরও সামর্থ্যের সেরাটা দিতে হবে।

টেস্ট সিরিজের সাফল্য এদিক দিয়ে মানসিকভাবে এগিয়ে রাখবে আমাদের। তবে এটাও ঠিক, টেস্ট সিরিজ জিততে না পারার হতাশা ওয়ানডে সিরিজটা খুব ভালোভাবে জিতে দূর করতে চাইবে নিউজিল্যান্ড। সেটা ওদের ওপর এক ধরনের চাপ তৈরি করলেও আমাদের চ্যালেঞ্জটাও কঠিন করে দেবে। কাজেই সবকিছু নির্ভর করছে আমরা কেমন খেলি তার ওপর।

ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর আমি আবার খেলায় ফিরব। চোটের কারণে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সিরিজ দুটি খেলতে পারিনি। চোট কাটিয়ে ওঠায় আশা করি এবার পূর্ণ সামর্থ্য নিয়েই মাঠে নামতে পারব। আমার ও বাংলাদেশ দলের জন্য দোয়া চাই আমি সবার কাছে।