ওয়ানডেতে হারে শুরু 'এ' দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪৭ বলে সেঞ্চুরি! আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিং ১১৭ রানের বিশাল হার ‘উপহার’ দিল বাংলাদেশ ‘এ’ দলকে। পরশু কেনসিংটন ওভালের প্রথম ওয়ানডেতে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টারের ৯ উইকেটে করা ৩২৭ রানের জবাবে ৪১.২ ওভারে ২১০ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল।

 মাত্র ৪৯ রানের মধ্যে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টারের ৪ উইকেট তুলে নিলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি নাঈম ইসলামের দল। ঝোড়ো ব্যাটিংয়ে সেটা কেড়ে নেন ওই আন্দ্রে রাসেলই। ওয়েস্ট ইন্ডিজ দলের এই খেলোয়াড় শেষ পর্যন্ত ৫৬ বলে ১৩২ রান করে অপরাজিত। এ ছাড়া লিওন জনসন ৬৭ ও ওয়ালটন করেছেন ৬১ রান। বাংলাদেশ ‘এ’ দলের শফিউল ৩টি, মুক্তার ও ফরহাদ রেজা ২টি করে এবং আরাফাত সানি নেন ১টি উইকেট।

জবাবে ২১০ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ দলের হয়ে যা একটু লড়াই করেছেন শুভাগত (৫১) ও ইমরুল (৩৮)। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য মার্শালের ৩০, নুরুল হাসানের ২০ রান। ২৭ ওভার শেষে দলের রান ৩ উইকেটে ১৪৬ থাকলেও ইনিংসটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এরপরই।