ওয়ানডেতেও নেই মাশরাফি, দলে আশরাফুল
আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। টেস্টের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা।গোড়ালির চোট এখনো সেরে না ওঠায় আজ বুধবার মাশরাফিকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। দলে আছেন গল টেস্টে ১৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা মোহাম্মদ আশরাফুল।দুই ম্যাচের টেস্ট সিরিজের ২৫ সদস্যের প্রাথমিক দলেই ছিলেন না আশরাফুল। এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও নেওয়া হয়নি তাঁকে। অবশেষে আশরাফুল ডাক পান শাহরিয়ার নাফীস শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। সেই আশরাফুল প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন। এরপর গল টেস্টে করেন ক্যারিয়ার-সেরা ১৯০ রান। আশরাফুলকে ওয়ানডে দলে জায়গা দিতে গিয়ে নির্বাচকেরা বাদ দিয়েছেন নাঈম ইসলামকে।দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। তিনি এসেছেন ইলিয়াস সানির জায়গায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মার্চ।গত ১৯ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল চলার সময় পায়ের গোড়ালিতে চোট পান মাশরাফি। তবে চোট নিয়েই খেলা চালিয়ে যান টানা দ্বিতীয় বিপিএল শিরোপাজয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরসের এই অধিনায়ক।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, নাজমুল হোসেন, মোশাররফ হোসেন, আবুল হাসান ও জিয়াউর রহমান। সূত্র: রয়টার্স।