
সর্বশেষ ১৪ ইনিংসে কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯। ব্যাটসম্যানের নাম? ক্রিস গেইল! কী, চমকে গেছেন তো! না, এই পরিসংখ্যানে কোনো ভুল নেই। চমকে গেলে কারণ একটাই, টি-টোয়েন্টির গেইলের সঙ্গে গুলিয়ে ফেলা (গত এক বছরে ৩টি সেঞ্চুরি)। এই গেইল ওয়ানডের গেইল। গত এক বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫০ ওভারের ম্যাচে এই ছিল গেইলের পারফরম্যান্স। গত পরশু নিজের দেশে যিনি ওয়ানডেতে সেঞ্চুরি-খরা ঘোচানোর সঙ্গে পেরিয়েছেন ২০০ ছক্কার মাইলফলকও। গেইলের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।শ্রীলঙ্কার বিপক্ষে ১৭তম ওয়ানডেতে এটি গেইলের প্রথম সেঞ্চুরি, ক্যারিয়ারের ২১তম। ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাওয়া ২০তম সেঞ্চুরিটাও এসেছিল কিংস্টনের এই স্যাবাইনা পার্কেই, গত বছরের ৭ জুলাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সেঞ্চুরির পর ওয়ানডেতে এ দিনই প্রথম পঞ্চাশ পেরোলেন। ৯ চার ও ৭ ছয়ে গেইলের ১০০ বলে ১০৯ রানের ইনিংসে ভর করে ৭৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার ২০৮ রান টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, পেয়ে গেছে একটি বোনাস পয়েন্টও। জনসন চার্লস-ক্রিস গেইলের ১১৫ রানের উদ্বোধনী জুটিই একরকম মীমাংসা করে দিয়েছিল ম্যাচের, যাতে চার্লসের অবদান মাত্র ২৯। শ্রীলঙ্কার প্রথম পাঁচ বোলারকেই ছয় মেরেছেন গেইল। জয় থেকে ২৮ রান দূরে থাকতে আউট হয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যে আরও দুটি উইকেট হারালেও সেটি শুধু জয়টাকে একটু বিলম্বিতই করতে পেরেছে।এর আগে ‘ওপেনার’ মাহেলা জয়াবর্ধনে (৫২) ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৫৫*) মিলেই করেছেন শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান। ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৪ উইকেট নিয়েছেন ক্যারিবীয় অফ স্পিনার সুনীল নারাইন।আজ একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে সদ্য চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতের বিপক্ষে। তথ্যসূত্র: ক্রিকইনফো, ক্রিকেট আর্কাইভ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৮.৩ ওভারে ২০৮ (থারাঙ্গা ২৫, জয়াবর্ধনে ৫২, সাঙ্গাকারা ১৭, চান্ডিমাল ২১, ম্যাথুস ৫৫*, থিরিমান্নে ৬, কুলাসেকারা ২, জীবন মেন্ডিস ৫, হেরাথ ৪, মালিঙ্গা ৮, অজন্তা মেন্ডিস ২; রোচ ০/৪১, রামপল ৩/৩৮, স্যামি ০/৩৪, ডোয়াইন ব্রাভো ২/৩৭, নারাইন ৪/৪০, স্যামুয়েলস ১/১১)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৭.৫ ওভারে ২০৯/৪ (গেইল ১০৯, চার্লস ২৯, ড্যারেন ব্রাভো ২৭, স্যামুয়েলস ১৫*, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ৮*; মালিঙ্গা ০/৩৪, কুলাসেকারা ১/৩৯, অজন্তা মেন্ডিস ১/৫৩, ম্যাথুস ০/২৮, হেরাথ ১/৩৭, জীবন মেন্ডিস ০/৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল।