ওয়ার্ন-ওয়াহর মতোই ক্লার্ক-ওয়াটসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লার্ক-ওয়াটসনের (ডানে) সম্পর্কটাকে স্টিভের সঙ্গে তাঁর সম্পর্কের মতোই মনে করেন ওয়ার্ন  ফাইল ছবি
ক্লার্ক-ওয়াটসনের (ডানে) সম্পর্কটাকে স্টিভের সঙ্গে তাঁর সম্পর্কের মতোই মনে করেন ওয়ার্ন ফাইল ছবি

ক্লার্ক-ওয়াটসনের ক্ষেত্রে ওয়ার্নের কথা বা মতকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। ওয়ার্ন দুজনেরই খুব কাছের বন্ধু ও ‘মেন্টর’। কিংবদন্তি স্পিনার নিজেও সেটা মনে করিয়ে দিলেন, ‘দুজনকেই আমি খুব ভালো করে চিনি, দুজনের সঙ্গেই সব সময় কথা হয়। এ জন্যই ওই মন্তব্যকে (আর্থারের) আমি সত্যি মানতে নারাজ। কিছু কিছু ব্যাপারে ওরা হয়তো একমত হতে পারেনি, এমনটা হতেই পারে। সব সময়ই একমত হওয়া জরুরি নয় এবং এর মানে এটাও নয় যে তারা পরস্পরকে পছন্দ করে না।’ এর উদাহরণ দিতে গিয়েই ওয়ার্ন টেনে এনেছেন স্টিভ ওয়াহ আর তাঁর সম্পর্কের অতীত। ওয়াহর নেতৃত্বে যে ৩৮টি টেস্ট খেলেছেন, প্রায় সবগুলোতেই ওয়ার্ন ছিলেন সহ-অধিনায়ক। অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই (১৯৯৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে) ওয়ার্নকে একটি টেস্ট থেকে বাদ দেন ওয়াহ। বর্তমান বাস্তবতায় ওয়ার্ন ফিরে গেলেন ওই সময়টায়, ‘জিওফ মার্শ (সেই সময়ের কোচ) আমাকে খেলাতে চাইছিলেন, পুরো ব্যাপারটি তাই খানিকটা বিশ্রী রূপ নিয়েছিল। সত্যি বলতে, সময়টা খুব সহজ ছিল না। কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা আমাদের সব সময়ই ছিল। দৃষ্টিভঙ্গির পার্থক্যও সব সময়ই ছিল—স্টিভ ছিল খুব রক্ষণাত্মক, নেতিবাচক মনোভাবের, সব সময় ভাবত ম্যাচ বাঁচানোর কথা। উইকেটে গিয়ে বোলিং আক্রমণ ছিঁড়েখুঁড়ে খেতে চাইত না, বরং ধীরে ধীরে পিষে ফেলতে চাইত। আমি ছিলাম আক্রমণাত্মক, খেলায় চটকদারি ছিল, ঝুঁকি নিতে চাইতাম। কখনো কখনো সেটা কাজে লাগত। বৈপরীত্য ছিল বলেই অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে আমাদের সময় ছিল সাফল্যময়।’

ওয়াটসন এখন আর ক্লার্কের ডেপুটি নেই। তবে সিনিয়র হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিকই আছে। মূল জায়গাটা এক বলেই দুজনের মতের অমিলকে গুরুত্ব দিতে নারাজ ওয়ার্ন, ‘ব্যাটিং অর্ডার বা এ ধরনের কিছু ব্যাপার নিয়ে দুজনের মতের অমিল আছে। তবে এটা স্বাস্থ্যকর বিতর্ক। দলে নিশ্চয়ই দশটা রোবট কেউ চায় না, যারা শুধু বলবে “ইয়েস মাইকেল, তুমি যা বল”। বরং কারও একজনের বলা উচিত, “আমি একমত নই।” সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক শ্রদ্ধা। এটা থাকলে মতের অমিল থাকা এমন কোনো সমস্যা নয়।’ ওয়েবসাইট।