ওয়ার্ন-হার্লির সম্পর্ক এখনো অটুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ একে অন্যকে টুইট করেন না শেন ওয়ার্ন ও লিজ হার্লি। এমনকি ১৩ সেপ্টেম্বর ৪৪তম জন্মদিনে ওয়ার্নকে পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু ইংল্যান্ডে থাকা হার্লি ছাড়া। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অস্ট্রেলিয়া ও ব্রিটিশ গণমাধ্যম গুঞ্জন ছড়াল, ওয়ার্ন ও হার্লির সম্পর্ক শেষ। সেটি আরও গাঢ় হয়, কাল শেষ মুহূর্তে ওয়ার্ন তাঁর ওয়ার্ন ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন বাতিল করায়। অবশ্য কালই নীরবতা ভেঙে ওয়ার্ন-হার্লি দুজনেই এসবকে নিছকই গুঞ্জন বলে উড়িয়ে দিলেন।
নীরবতা প্রথম ভাঙেন হার্লিই। গতকাল মেলবোর্ন সময় সন্ধ্যা সাতটায় ব্রিটিশ মডেল-অভিনেত্রী হার্লির টুইট, ‘সাম্প্রতিক ঘটনা নিয়ে টুইটারে চুপ থাকার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’ ওয়ার্ন লিখেছেন, ‘এলিজাবেথ হার্লি ও আমাকে নিয়ে যে খবর বেরিয়ে তা একেবারে আবর্জনা।’ তবে ওয়ার্ন এটা অস্বীকার করতে পারেননি, তাঁদের রোমাঞ্চকর সম্পর্কটা একটু শীতল হয়ে পড়েছে, ‘হ্যাঁ, কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা ঝামেলার মধ্যে আছি। তাই বলে আমাদের সব শেষ হয়ে যায়নি।’ এএফপি।
২০১১ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার এমন গুঞ্জনের জবাবে টুইটারেই ওয়ার্ন-হার্লি বাগদানের ঘোষণা দেন। দুজনেরই টুইটারে অসংখ্য অনুসারী। কাজেই দীর্ঘদিন তাঁদের টুইটার-নীরবতা সমর্থকদের জন্য ভাবনার ব্যাপারই বটে। তা কী নিয়ে তাঁদের মনোমালিন্য? গণমাধ্যমে গুঞ্জন, হার্লির এখনকার উপলব্ধি, সাবেক স্ত্রী সিমোনে কালাহানের প্রতি হঠাৎ যেন দরদ হঠাৎ উতলে উঠেছে ওয়ার্নের! প্রায়ই অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তিকে কালাহানের বাসায় দেখা যায়। এটাই একমাত্র কারণ কিনা জানা যায়নি। তবে ওয়ার্ন হার্লিকে সর্বশেষ টুইট করেন গত ৩০ আগস্ট। এ মাসের শুরুর দিকে ৪৮ বছর বয়সী হার্লির শেষ টুইট ছিল এমন, ‘যত বেশি পুরুষকে জানছি, তত বেশি আমি আমার কুকুরকে ভালোবাসছি।’ কিছু বোঝা গেল?