ওয়ার্নকে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে!
স্পিন কিংবদন্তি হিসেবেই দেখা হয় শেন ওয়ার্নকে। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক গ্যারি সোবার্স মনে করেন, যোগ্যতার চেয়েও বেশি মূল্যায়িত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিনার। ১৯৫০-এর দশকে ভারতের হয়ে খেলা সুভাষ গুপ্ত ওয়ার্নের চেয়ে ভালো লেগ স্পিনার ছিলেন বলেও মন্তব্য করেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।নিজের লেখা একটি বইয়ে সোবার্স বলেন, ‘বর্তমান সময়ে ওয়ার্নকে যেভাবে দেখা হচ্ছে, আমি সেভাবে দেখি না। আমি মনে করি, বোলার হিসেবে ওয়ার্ন অসাধারণ ছিলেন। কিন্তু সর্বোপরি মূল্যায়ন করলে তাঁর অবস্থান কোথায় হবে আমি নিশ্চিত নই।’ এর পর সোবার্স যোগ করেন, ‘ওয়ার্নের আক্রমণাত্মক মনোভাব আমার পছন্দ। তাঁর মতো আক্রমণাত্মক মনোভাব অনেক স্পিনারেরই নেই। কিন্তু আমার দৃষ্টিতে, সুভাষ গুপ্ত তাঁর চেয়ে ভালো লেগ স্পিনার ছিলেন।’শুধু ওয়ার্নের অবস্থান মূল্যায়ন করেননি সোবার্স, আরেক কিংবদন্তি ক্রিকেটার জিওফ বয়কটের ব্যাটিং স্টাইল নিয়েও খোঁচা দিয়েছেন। ক্রিকইনফোকে সোবার্স বলেন, ‘নিজের স্টাইলে অনেক বড় মাপের ক্রিকেটার ছিলেন বয়কট। তিনি তাঁর সীমাবদ্ধতা নিয়ে খেলতেন, ভালো বলে খুব একটা সুযোগ নিতেন না। কিন্তু বড় মাপের ক্রিকেটারদের এ সুযোগটা নিতে হয়।’