ওয়ার্নার ফিরবেন 'হাসি' হয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো ব্যালকনিতে দাঁড়িয়ে, কখনো বিষণ্ন বসে, কখনো বা থুতনিতে হাত দিয়ে সামনে তাকিয়ে। কখনো ড্যারেন লেম্যানের সঙ্গে একান্ত আলাপচারিতা, কখনো পানি-তোয়ালে হাতে মাঠে। ট্রেন্ট ব্রিজ টেস্টে এভাবেই বারবার টিভি ক্যামেরায় ধরা পড়েছেন ডেভিড ওয়ার্নার। কাল সতীর্থরা যখন লর্ডস টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত, ওয়ার্নার তখন জিম্বাবুয়ের বিমানে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে।
অথচ ট্রেন্ট ব্রিজে তাঁর থাকার কথা ছিল একাদশেই। খুব বেশি দিন হয়নি, ছিলেন দলের এক নম্বর ওপেনার। কেন আজ তিনি দলছাড়া, জানা প্রায় সবারই। তবে ইংল্যান্ড ছাড়ার আগে আবারও জানিয়ে গেছেন অনুতাপের কথা। স্বীকার করছেন, মিকি আর্থারের বরখাস্ত হওয়ায় তাঁর ঘটনার প্রভাব থাকলেও থাকতে পারে। জানিয়েছেন, টেস্ট দলে ফিরতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তবে ওয়ার্নার হয়ে নয়, মাইক হাসি হয়ে! ‘এ’ দলের হয়ে চার নম্বরে ব্যাট করবেন, অস্ট্রেলিয়া দলে ফিরলে খেলবেন ছয় নম্বরে।
বার্মিংহামের এক পানশালায় জো রুটকে ঘুষি মারায় নিষিদ্ধ ছিলেন অ্যাশেজের আগ পর্যন্ত। প্রথম টেস্টে খেলার লক্ষ্য নিয়ে তবু অনুশীলনে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। টেস্টের আগের রাতে জানতে পারেন, তিনি একাদশে নেই। বাবা-মাকে খবরটা দেওয়ার সময় ফোনে কেঁদে ফেলেছেন। তবে সবকিছু পেছনে ফেলে নতুন ভূমিকায় করতে চান নতুন শুরু, ‘দলে ফিরে যদি ছয় নম্বরে ব্যাট করি, মাইক হাসির শূন্যস্থান পূরণে সম্ভব সব চেষ্টা করব।’
২৬ বছর বয়সী ব্যাটসম্যানের লক্ষ্য এখন ‘এ’ দলের হয়ে রানের বন্যা বইয়ে এই অ্যাশেজেই দলে ফেরা। তবে ওয়ার্নারকে ‘এ’ দলে খেলতে পাঠানোটা পছন্দ হয়নি সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, ওয়ার্নার অ্যাশেজ থেকে “এ” দলের হয়ে খেলতে আফ্রিকায় যাচ্ছে। হয়তো ভাবা হচ্ছে, জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকায় ফর্মে ফিরলে অ্যাশেজেই ওকে ফেরানো হবে। কিন্তু আমি একমত নই। যতক্ষণ না জিম্বাবুয়ে দলে একজন অ্যান্ডারসন ঢুকছে, ওখানে রানের কোনো মূল্য নেই। তার চেয়ে নেটে প্যাটিনসনকে খেললে ওর উপকার হতো। আফ্রিকায় যে মানের বোলিং ও যে কন্ডিশনে খেলবে, অ্যাশেজে তা পুরোই উল্টো।’ রয়টার্স, ওয়েবসাইট।