ওয়ার্নের চোখে ওটা 'কাকতাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ পর্যন্ত লাখ লাখ বল দেখেছে টেস্ট ক্রিকেট। কিন্তু এত বলের মধ্যেও একটা বলের কথাই আগে বলেন সবাই। ১৯৯৩ সালে শেন ওয়ার্নের সেই ‘অবিশ্বাস্য’ বলটা তো ‘শতাব্দীর সেরা বলই’ হয়ে রয়েছে। কিন্তু শেন ওয়ার্নের চোখে ওটা ছিল নিতান্তই ‘কাকতাল’। অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বল হাতে নিলেন শেন ওয়ার্ন। লেগ স্টাম্পের বাইরে পিচ করল বলটা। মাইক গ্যাটিং স্তম্ভিত হয়ে দেখলেন বিশাল এক টার্ন নিয়ে বলটা স্টাম্প ভেঙে দিচ্ছে। দুই চোখে অবিশ্বাস নিয়ে ইংল্যান্ড অধিনায়ক ফিরে যান গ্যালারিতে।

সেই বলটির ২০ বছর পূর্তি হলো গত ৪ জুন। এত দিন পরও কিন্তু ব্যবচ্ছেদের অন্ত নেই সেই বলটা নিয়ে। কীভাবে অমন একটা বল করেছিলেন ওয়ার্ন? কিন্তু অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তির নিজের কাছেই রহস্যটা এখনো অমীমাংসিত, ‘সেই বলটাকে অনেকেই বল অব দ্য সেঞ্চুরিসহ অনেক কিছুই বলে। এটা গর্ব করার মতোই। বলটা করতে পেরে আমি ভাগ্যবান ছিলাম। কারণ সেটা অনায়াসেই স্টাম্প মিস করতে পারত। বা ব্যাটের কানায় লাগতে পারত। পরে আমি কখনোই আর ও রকম বল করতে পারিনি। পুরোটাই ছিল একটা ফ্লুক।’

এমন একটা বল, তা-ও আবার দিনের প্রথমেই! ওয়ার্ন বলটা করার আগে ঠিক কী ভেবেছিলেন? নিজেই জানিয়েছেন, ‘আমি আসলে একটু নার্ভাসই ছিলাম। আমি শুধু ভাবছিলাম আমাকে আগে ছন্দ খুঁজে নিতে হবে। বলটাকে এমনভাবে স্পিন করাতে হবে যাতে ওরা ভাবে উইকেটে টার্ন আছে।’

কিন্তু বলটা করেই বুঝতে পেরেছিলেন দুর্দান্ত কিছুই করেছেন, ‘যখনই আমার হাত থেকে বের হলো তখনই দারুণ লেগেছিল। আমি অবশ্য কিছু টের পাইনি। পর্দার দিকে তাকিয়েই বুঝলাম আসলে কী করেছি। আমার মনে আছে সবাই মাঠে দাঁড়িয়ে বলেছিল বলটা আসলেই খুব ভালো ছিল।’ ওয়েবসাইট।