ওয়াসল ছাড়তেই হলো ম্যারাডোনাকে
বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। ওয়াসল কর্তৃপক্ষের কাছে সুযোগ চেয়েছিলেন আরেকবার। তবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সেই অনুরোধে সাড়া দেয়নি দুবাইভিত্তিক ক্লাবটি। ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে আজ মঙ্গলবার সেনেগাল ও সংযুক্ত আরব আমিরাতের সাবেক কোচ ব্রুনো মেটসুর নাম ঘোষণা করেছে আল ওয়াসল।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় আল ওয়াসল জানিয়েছে, আল ওয়াসলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৫৮ বছর বয়সী মেটসু। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।২০১১ সালে দুই বছর মেয়াদি চুক্তিতে আল-ওয়াসল ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু সন্তোষজনক ফল এনে দিতে ব্যর্থ হওয়ায় ১৪ মাস পরই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। গত মঙ্গলবার ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা ডিয়েগো ম্যারাডোনা ও তাঁর কোচিং স্টাফদের পারফরম্যান্স পর্যালোচনা করে সবাইকে বহিষ্কারের ঘোষণা দেয়।বহিষ্কার হলেও ম্যারাডোনা আরেকটা সুযোগ চেয়েছিলেন। জানিয়েছিলেন, শেষ চেষ্টা করতে চান তিনি। নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ওয়াসলে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ম্যারাডোনা, ‘সব সময়ই আমার ইচ্ছা ছিল সুন্দর এই দেশটাতে থেকে যাওয়ার। আমি শেখের কাছে কৃতজ্ঞ আমাকে বরণ করে নেওয়ার জন্য, আমিরাতের একটি দলের কোচ হিসেবে কাজ করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে ক্লাব এমন একটা বিবৃতি দিয়েছে, যার সঙ্গে আমি একমত নই। কারণ ওয়াসলের কোচ হিসেবে থেকে যাওয়ার ইচ্ছা আমার ছিল, এখনো আছে।’এর আগে ম্যারাডোনা জানিয়েছিলেন, তাঁকে যে খেলোয়াড়দের দেওয়া হয়েছে, তাঁদের নিয়ে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়। দরকার আরও ভালো খেলোয়াড়, আরও বেশি বাজেট। আর তা দেওয়া না হলে পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি। তবে বহিষ্কার হওয়ার পর রাতারাতি সুর পাল্টান ম্যারাডোনা, ‘বাজেট-স্বল্পতার কারণে নতুন খেলোয়াড় কেনা যদি ক্লাবের পক্ষে সম্ভব না-ও হয়, তার পরও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং সমাধান খুঁজে বের করার সুযোগ আছে বলেই আমি মনে করি। আশা করি, শিগগিরই বোর্ডের সঙ্গে বৈঠক হবে আমার। আমি নিশ্চিত, একটা সমাধান বের করে মতৈক্যে পৌঁছাতে পারব আমরা।’বাস্তবতা হলো, ম্যারাডোনাকে আলোচনায় বসার সুযোগ দেয়নি আল-ওয়াসল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে মতৈক্যে পৌঁছানোও হলো না। রয়টার্স।