ওয়াসিম আকরামের আরেক বিজয়

জীবনে বহু পুরস্কার পেয়েছেন। তবে নিঃসন্দেহে এবারের পুরস্কারের মাহাত্ম্য ভিন্ন। বহুদিন ধরেই ওয়াসিম আকরাম যুদ্ধ করে চলছেন ডায়াবেটিসের বিরুদ্ধে। সুইংয়ে যেমন কাবু করতেন ব্যাটসম্যানদের, একইভাবে কাবু করেছেন ডায়াবেটিসকেও। স্বীকৃতি হিসেবে পেলেন ইয়াং লিডার্স পুরস্কার। ২ থেকে ৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। এর আয়োজক আন্তর্জাতিক ডায়াবেটিক ফাউন্ডেশন।
সেই ১৯৯৭ সাল থেকে ডায়াবেটিসে ভুগছেন। বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগটিকে বশে রেখেই খেলে গেছেন। দমবার পাত্র তিনি নন। মাঠের লড়াইয়ে কাউকে ছাড় দেননি। ডায়াবেটিসকে কেন দেবেন? ঠিকই নিয়ন্ত্রণে রেখেছেন প্রাণঘাতী রোগকে। আর এতেই মিলল পুরস্কার। আকরাম বলেছেন, ‘শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কারণেই ডায়াবেটিসের সঙ্গে লড়তে পেরেছি। আর ইয়াং লিডার্স পুরস্কার এ শৃঙ্খলারই প্রতিদান।’
রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ডিসেম্বরের কংগ্রেসে ভাষণও দেওয়ার কথা রয়েছে আকরামের। সর্বকালের অন্যতম সেরা এই পেসার বলেছেন, ‘ডায়াবেটিস সম্পর্কের মানুষের সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। কেন না বহু লোকের ধারণা এটি নিরাময়যোগ্য নয়।’
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় এক কোটি ২৯ লাখ। এ রোগ কীভাবে সামলাতে হয়, এখন সে দাওয়াই দিতে চান আকরাম, ‘বক্তৃতা দেব। কীভাবে শরীরচর্চা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনতে হয় সেটি মানুষকে শেখাব। ডায়াবেটিসে কতটা যন্ত্রণা পোহাতে হয়েছে, সেই অভিজ্ঞতার কথাও জানাব সবাইকে।’