ওয়াসিম আকরামের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর এবার নিজ দেশের ক্রিকেট উন্নয়নে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম। শুধু আগ্রহই না, পাকিস্তানের পেসার-সংকট ঘোচাতে পুরোদমে কাজে নেমে পড়ার পরিকল্পনাও করেছেন কিংবদন্তি এই বোলার। দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক।অতীতে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের উন্নয়নের লক্ষ্যে কাজ করার ইচ্ছা নিয়ে অনেকেই ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন। তবে এবার কিছুটা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন ওয়াসিম আকরাম। তাঁর মূল লক্ষ্য, পাকিস্তানের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান পেসার খুঁজে বের করা। আর সেই উদ্দেশ্যে নিজের উদ্যোগেই একটি প্রতিভা অনুসন্ধান প্রোগ্রাম পরিচালনা করবেন তিনি। আগামী এপ্রিল মাসে এ ধরনের উদীয়মান পেসারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প পরিচালনা করার আশাবাদও ব্যক্ত করেছেন ওয়াসিম। তিনি বলেছেন, ‘আমি পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটের চূড়ায় দেখতে চাই। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্স দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি খুবই মন থেকে বিশ্বাস করি যে, আমরা পুরো দেশ থেকে অনেক প্রতিভাবান পেসার খুঁজে বের করতে পারব।’পাকিস্তান বরাবরই অসাধারণ সব পেসারের জন্মভূমি বলে পরিচিত ক্রিকেট বিশ্বে। ফজল মেহমুদ থেকে শুরু করে সরফরাজ নেওয়াজ, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, খুব সম্প্রতি মোহাম্মদ আসিফ পর্যন্ত সবাই ছিলেন বিশ্বমানের পেসার। কিন্তু তারপর যেন খানিকটা মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের পেস বোলিং আক্রমণ। এখন দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার উমর গুল। দক্ষিণ আফ্রিকা সফরের দুটি টেস্টে মাত্র পাঁচটি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। এমনকি অধিনায়ক মিসবাহ-উল-হক পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন যে, দলের বর্তমান পেসাররা নতুন বল দিয়ে বল করতে আগ্রহ দেখান না। এই পরিস্থিতিতে ওয়াসিম আকরামের নতুন উদ্যোগটি কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে কি না, সেটাই দেখার বিষয়।আগামী এপ্রিলেই দুই সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম। পিটিআই