ওয়াসিম আকরামের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো চূড়ান্ত কিছু নয়। বাংলাদেশ পাকিস্তান সফর আদৌ করবে কিনা, তা ঠিক হবে অচিরেই। কিন্তু ‘নীতিগতভাবে’ পাকিস্তান সফরে বাংলাদেশ রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানি বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে তারা নীতিগতভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে তারা নীতিগতভাবে সম্মত আছে। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলে সেই সফর অনুষ্ঠিত হবে আগামী মাসেই (জানুয়ারি ২০১৩)। এই সফরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২ জানুয়ারি একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১৩ জানুয়ারি একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলার কথা আছে বাংলাদেশের।সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখনো চূড়ান্ত কিছু না জানালেও এই সফরের সম্ভাবনাতেই ওয়াসিম আকরাম খুশি। পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্য ডন’ কে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের ব্যাপারে সম্মত হওয়ায় আমি খুশি। আমি আশা করি সফরটি বাস্তবিকই অনুষ্ঠিত হবে। পাকিস্তানে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটা খুবই জরুরি।’গত এপ্রিলেই বাংলাদেশ দলের পাকিস্তান সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সফরের ব্যাপারে পিসিবির আমন্ত্রণে বাংলাদেশ সারা দিলেও বাংলাদেশের হাইকোর্ট পাকিস্তানে দলের নিরাপত্তার প্রশ্ন তুলে সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে এই মুহূর্তে এই সফরের ওপর কোনো নিষেধাজ্ঞা বলবত্ নেই। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর লাহোরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। সেই হামলায় নিরাপত্তা কর্মীসহ আটজন হতাহত হন। শ্রীলঙ্কান ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ও এতে অল্প-বিস্তর আহত হন। এরপর থেকে কোনো আন্তর্জাতিক দলই পাকিস্তান সফর করেনি। আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানিদের জন্য অনেক দূরের বিষয় হয়েই আছে। বাংলাদেশ আগামী মাসে পাকিস্তান সফর করলে প্রায় চারবছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে।ওয়াসিম আকরাম বলেন, ‘দীর্ঘদিন পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। আমি আশঙ্কা করি, এরকম আরও দুই-তিনবছর চললে পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক মানই ক্ষতিগ্রস্ত হবে। এখনই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরাটা খুবই জরুরি।’পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও ওয়াসিম আকরাম মনে করেন বাংলাদেশ দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাটা জরুরি। তিনি বলেন, পাকিস্তানে গত কয়েক বছরে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ দলের জন্য এই সফরে সর্বোচ্চ নিরাপত্তারই ব্যবস্থা করতে হবে। ওয়াসিমের মতে, এই সফরটি যদি ভালো মতো সম্পন্ন হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের অপর দলগুলোও পাকিস্তান সফরের ব্যাপারে এক ধরনের ভরসা পাবে।