ওয়াহ, ওয়ার্ন এবং ব্যাগি গ্রিন

মন্তব্যটা করেছিলেন আড্ডার ছলে। কিন্তু সেটা যে এমন বিতর্কের জন্ম দেবে, সেটি কি আর জানতেন শেন ওয়ার্ন! জেনেশুনেও বলতে পারেন, বিতর্ককে কোনো দিন ভয় পেয়েছেন নাকি এই লেগ স্পিন কিংবদন্তি। গত পরশু ওভাল টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে ওয়ার্ন বলেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন ক্যাপ পরতে বাধ্য করতেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এটি যে তাঁর কাছে ‘হাস্যকর’ আর ‘ফালতু’ ব্যাপার মনে হতো, সেটিও গোপন করেননি।
আলোচনার সূত্রপাত আকস্মিকভাবে। ওভাল টেস্টের তৃতীয় দিন টেলিভিশনের পর্দায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক আর পেসার পিটার সিডল ব্যাগি গ্রিন ক্যাপের বদলে সাদা ফ্লপি হ্যাট পরে আছেন মাঠে। এর আগে প্রথম দিন সকালে ওয়ার্ন ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দিয়েছিলেন অভিষেক হওয়া জেমস ফকনারের হাতে। কথায় কথায় ওয়ার্ন শোনালেন তাঁর অভিজ্ঞতা, ‘আমাদের সময় (স্টিভ) ওয়াহ একটা হাস্যকর নিয়ম চালু করেছিল। টেস্টের প্রথম এক ঘণ্টা সবাইকে ব্যাগি গ্রিন ক্যাপ পরতে হতো।’ নিয়মটা পছন্দ হয়নি বলে ওয়ার্ন আপত্তি করে বলেছিলেন, অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা যে গর্বের সেটা বোঝানোর জন্য ব্যাগি গ্রিন ক্যাপই পরতে হবে, এমন তো কথা নেই। কিন্তুই ওয়াহ কানে নেননি সে আপত্তি। এমনকি সাবেক অস্ট্রেলিয়ান টেনিস তারকা প্যাট্রিক র্যাফটার উইম্বলডনের ফাইনালে ওঠার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যখন তাঁর খেলা দেখতে যাবেন বলে ঠিক করলেন, ওয়াহ নিয়ম করে দিলেন সবাইকে ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় যেতে হবে। ওয়ার্নের কাছে সেটা ‘ফালতু’ ব্যাপার বলে মনে হয়েছিল। যদিও জাস্টিন ল্যাঙ্গারের মতো কেউ কেউ তা পরেও গিয়েছিল।
টেলিভিশনে গল্প করতে করতে বলা এই কথাগুলোর জন্যই টুইটারে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ওয়ার্নকে। অনেকেই বলছেন, অধিনায়কের নির্দেশ মানাটাই কখনো কখনো খেলোয়াড়দের অবশ্যপালনীয় কর্তব্য। ব্যাগি গ্রিন তো অস্ট্রেলিয়ানদের ঐতিহ্যের অংশ। হালকা মন্তব্য করে সেই ঐতিহ্যকে ‘অপমান’ করায় অনেকেই আবার বেশ খেপেছেন ওয়ার্নের ওপর। ওয়ার্নের টুইটে তেমনই একজনের মন্তব্য, ‘শেন (ওয়ার্ন) তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার মন্তব্যটা রুচিকর নয়। এটা দলগত খেলা আর এই সংস্কৃতিটা কাজে দিয়েছিল।’ ওয়েবসাইট।