ওয়াহর চোখে দুজনই সমান
একসময় এটা জমজমাট বিতর্কের বিষয় ছিল। কে সেরা, শচীন টেন্ডুলকার, না ব্রায়ান লারা? পরিসংখ্যানে লারাকে অনেক পেছনে ফেলে সেই বিতর্ক অনেকটাই নীরস করে দিয়েছেন টেন্ডুলকার। ক্যারিবীয় যুবরাজ নিজেও বেশ কয়েকবার স্বীকার করেছেন ব্যাটসম্যান টেন্ডুলকারের শ্রেষ্ঠত্ব।
কিন্তু হলে কী হবে, লারা লারাই। অবসর নিয়েছেন অনেক দিন, তার পরও টেন্ডুলকারের সঙ্গে কারও তুলনায় সবার আগে তাঁর নামই আসে এবং ঘুরেফিরে চিরন্তন সেই প্রশ্নটাও, আসলে কে সেরা? প্রশ্নটা করা হয়েছিল ভারত সফররত আরেক ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়াহকেও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক একেবারে ঝানু কূটনীতিকের মতো বলেছেন, তাঁর কাছে দুজনেই সমান। একজনের সঙ্গে অন্যজনের তুলনা হয় না।
পরিসংখ্যানে টেন্ডুলকার এগিয়ে থাকতে পারেন। কিন্তু আরেক বিশ্বসেরা ব্যাটসম্যান রিকি পন্টিং দুজনের মধ্যে লারাকেই এগিয়ে রেখেছেন তাঁর ম্যাচজয়ী ইনিংসের কারণে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসও স্বীকার করেছেন, দুজনের মধ্যে লারাই সেরা। তবে বেঙ্গালুরুতে গতকাল এক সংবাদ সম্মেলনে স্টিভ ওয়াহ নেননি কারও পক্ষই, ‘আমি খেলোয়াড়দের মধ্যে এভাবে তুলনা করাটা অপছন্দ করি। দুজনেই খুব চাপের মধ্যে আলাদা দুটি দলের হয়ে খেলেছে। টেন্ডুলকার ১৩০ কোটি মানুষের প্রত্যাশার চাপ নিয়েছে নিজের কাঁধে। অন্যদিকে লারা একটা দুর্বল দলের হয়েও সেরা খেলোয়াড় ছিল। আমি ওদের দুজনকেই পাশাপাশি রাখব। ওয়েবসাইট।’