ওয়েম্বলিতে নেই গোটশে

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামতে পারছেন না বরুসিয়া ডর্টমুন্ড থেকে সদ্যই বায়ার্ন মিউনিখে নাম লেখানো মারিও গোটশে। সেমিফাইনালে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে না পারার কারণেই বহু কাঙ্ক্ষিত ফাইনালে মাঠে দেখা যাবে না ২০ বছর বয়সী এই প্লে-মেকারকে। বরুসিয়া ডর্টমুন্ড তাদের ওয়েবসাইটে এই বার্তা জানিয়ে বলেছে, শনিবারের আগে মারিও গোটশের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিলেন মারিও গোটশে। সেই ব্যথা থেকে সামলে উঠতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু, এই মুহূর্তে হতাশা যে তাঁর সঙ্গী, তাতে কোনো সন্দেহ নেই।
অনেক দিন বিরতি দিয়ে তিনি সম্প্রতি হালকা অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু অনুশীলনের সময় চোটের জায়গায় আবার আঘাত পেয়ে তাঁকে অনুশীলন ত্যাগ করতে হয়েছে।
ফাইনালের মহামঞ্চ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর গোটশে সকারনেটকে জানিয়েছেন নিজের হতাশার কথা। তিনি বলেছেন, ‘ফাইনালটা নিয়ে অনেক স্বপ্ন ছিল। হ্যামস্ট্র্রিংয়ের সঙ্গে লড়াই করে ফাইনাল খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারছি না। ভীষণ খারাপ লাগছে।’
মারিও গোটশের অনুপস্থিতি এই মুহূর্তে বিপাকে ফেলেছে কোচ ইয়ুূর্গেন ক্লপকে। দলের সবচেয়ে সেরা খেলোয়াড়কে বাইরে রেখে মাঠে নামার আগে তাঁকে মেলাতে হচ্ছে নানা সমীকরণ। গোটশে না খেললে হয়তো তিনি সভেন বেনডার ও সেবাস্টিয়ান কেহেলকে দুই পাশে রেখে মাঝমাঠের ঠিক কেন্দ্রীয় চরিত্রে রাখবেন ২২ বছর বয়সী গুনডোগানকে। ক্লপ অবশ্য আরও একটি কৌশল বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে মার্কো রিওসকে বাঁ দিকে খেলানো হতে পারে। রিওসের জায়গায় মাঠে নামবেন কেভিন গ্রসক্রেউতজ।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বরুসিয়ার জন্য আরও একটি সমস্যা নিয়ে আবির্ভূত হতে পারে। চোট ছিটকে দিতে পারে বরুসিয়ার আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় ম্যাট হ্যামেলসকে। গোঁড়ালির চোটের সঙ্গে এই মুহূর্তে লড়ছেন হ্যামেলস। তবে তিনি আত্মবিশ্বাসী, শনিবার ওয়েম্বলির সবুজ ঘাসে পা রাখবেন তিনি। জার্মানির ‘বিল্ড’ পত্রিকাকে এমন কথাই বলেছেন তিনি।