ওয়েম্বলিতেই কেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ছিল ওয়েম্বলি স্টেডিয়াম। সেই আসর শেষ হওয়ার পর যখন ২০১৩ সালের ফাইনাল ভেন্যু হিসেবেও ওই একই স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়েছিল, তখন হয়তো অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, এর আগে কখনোই এত অল্প সময়ের ব্যবধানে একই ভেন্যুতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। বিশেষ অগ্রাধিকার দিয়ে লন্ডনের এই ওয়েম্বলি স্টেডিয়ামকেই কেন নির্বাচন করা হয়েছিল এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে?

বিশ্ববাসীকে ফুটবল নামক খেলাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ১৮৬৩ সালে ইংল্যান্ডই তৈরি করেছিল বিশ্বের প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন। সে সময়ই গড়ে উঠেছিল আধুনিক ফুটবলের অনেক নিয়মকানুন। এ বছর উদযাপিত হতে যাচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্তটির ১৫০তম বার্ষিকী। ফুটবল ইতিহাসের প্রথম অ্যাসোসিয়েশন গঠনের ১৫০তম বার্ষিকী স্মরণীয় করে রাখার জন্যই ব্যতিক্রমী উদাহরণ গড়ে এ বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু নির্বাচন করা হয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামকে। ২০১১ সালের জুনে এই সিদ্ধান্তের কথা জানিয়ে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি বলেছিলেন, ‘১৮৬৩ সালে প্রতিষ্ঠিত ফুটবল অ্যাসোসিয়েশনই (এফএ) ইতিহাসের সবচেয়ে পুরোনো জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। আর ২০১৩ সালে এটি উদযাপন করবে তার ১৫০তম বার্ষিকী। এটা ফুটবল ইতিহাসেরই একটা স্মরণীয় মুহূর্ত। এই বছর আমরা এই খেলাটির অনেক নিয়মকানুনেরও ১৫০তম বার্ষিকী উদযাপন করব। এসব মাথায় রেখে  বিশেষ উপায়ে এই বার্ষিকীটা উদযাপন করা আমাদের দায়িত্ব বলে মনে করেছি। এ কারণেই আমরা চ্যাম্পিয়নস লিগ ফাইনালটাকে ফুটবলের মাতৃভূমি ইংল্যান্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। বিশেষভাবে ওয়েম্বলি স্টেডিয়ামে, যেটা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের মূল স্টেডিয়াম।’ মিশেল প্লাতিনি আরও বলেছিলেন, ‘আমার মনে হয় ইতিহাসের প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের ১৫০তম বার্ষিকী উদযাপনটাকে সম্মান জানানোটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ এখানে সমবেত হয়েছি কারণ, ১৫০ বছর আগে ইংল্যান্ডেরই কিছু মানুষ ফুটবলের নিয়মকানুনগুলো তৈরি করেছিলেন। আমি বিশ্বাস করি, এটা একটা সম্মান জানানোর মতো মুহূর্ত। যদি আমরা ইতিহাসকে স্মরণ না করি, তা হলে আমরা কোনো ভবিষ্যত্ও পাব না।’

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে নির্মাণ করা হয়েছিল ওয়েম্বলি স্টেডিয়াম। সে সময় এটি পরিচিত ছিল এম্পায়ার স্টেডিয়াম হিসেবে। ১৯২৪ সালের ২৩ এপ্রিল এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ইংল্যান্ডের রাজা জর্জ-৫। তার পর থেকে ইংলিশ ফুটবলের মূলকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায় এই স্টেডিয়াম। ২০০৩ সালে নতুনভাবে গড়ে তোলার জন্য ভেঙে ফেলা হয় পুরোনো স্টেডিয়ামটি। নতুন স্থাপনার কাজ শেষ হয় ২০০৭ সালে। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।

এর আগে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ছয়টি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। শেষবার ২০১০-১১ মৌসুমে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ওয়েবসাইট