ওয়েলিংটনে ট্রট-কম্পটনের রাজত্ব
ওয়েলিংটনের উইকেটে রাজত্ব চালিয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটা ইংল্যান্ড কাটিয়ে দিয়েছে দারুণ নির্বিঘ্নে। নিক কম্পটন ও জোনাথন ট্রটের দুটি সেঞ্চুরি কিউই বোলারদের অস্বস্তির কারণ হয়ে ছিল গোটা দিনই। কম্পটন ঠিক ১০০ করে আউট হয়ে গেলেও ট্রট অপরাজিত আছেন ১২১ রানে। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই (দলীয় ২৬ রানে) অ্যালিস্টার কুককে হারিয়ে ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। প্রাথমিক ধাক্কাটা দারুণভাবেই সামলেছেন কম্পটন ও ট্রট। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৬৭। নিউজিল্যান্ডের পক্ষে দুটি সফলতা পেয়েছেন নেইল ওয়াগনার ও ব্রুস মার্টিন।টস জিতে ফিল্ডিংয়ে নেমে খুব দ্রুতই অ্যালিস্টার কুককে আউট করে দিয়ে শুভ সূচনার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউই বোলাররা ইংলিশ ব্যাটসম্যানদের বাকিটা সময় কোনো সমস্যায় ফেলতে পারেননি। কম্পটন ও ট্রট ব্যাট করে গেছেন নিজেদের মতো করে। এই দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেও দলগতভাবে ইংল্যান্ডের রান তোলার গতিটা অবশ্য ওভারপ্রতি তিন ছাড়িয়ে যায়নি। অতিরিক্ত সাবধানী ছিলেন কম্পটন ও ট্রট—দুজনই। কম্পটন ২৩০ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন; ট্রট ১২১ রানে অপরাজিত ২৩৪ বল খেলে। তার পরও দ্বিতীয় দিনের জন্য মোটামুটি মজবুত একটি ভিত গড়েছেন এই দুই ব্যাটসম্যান—এ কথা বলা যেতেই পারে। এই ভিতের ওপর দাঁড়িয়ে নিজেদের সংগ্রহ হয়তো অনেকদূরই টেনে নিয়ে যেতে পারবে ইংল্যান্ড। রয়টার্স।