ওরা আসছে
হোক ছোটদের বিশ্বকাপ, বিশ্বজয়ের উপলক্ষ তো! অ্যাজটেকা স্টেডিয়াম তাই হলো উৎসবের মঞ্চ। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি হাতে বাঁধভাঙা উল্লাসে ভাসল মেক্সিকান তরুণেরা। যেন ঘোষণা দিল—আমরা আসছি!ফুটবল-বিশ্বের তীর্থস্থান অ্যাজটেকা স্টেডিয়াম। পেলে-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের নান্দনিক ফুটবলও দেখেছে একসময় এ মাঠ। এবার লাখ খানেক দর্শককে সাক্ষী রেখে সেই মাঠেই বিশ্বজয়ের উৎসব করল মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দল। গোটা দেশকে ভাসিয়ে দিল আনন্দে। ফাইনালে কাল উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিশ্বকাপের স্বাগতিকেরাই। ছোটদের বিশ্বকাপে এটা তাঁদের দ্বিতীয় শিরোপা। ২০০৫ সালে পেরুতেও চ্যাম্পিয়ন হয়েছিল মেক্সিকো।ম্যাচের ৩১ মিনিটে অধিনায়ক আন্তোনিও ব্রিসেনোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় জিওভানি ক্যাসিয়াস করেন দ্বিতীয় গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেক্সিকোর সেমিফাইনাল জয়ের নায়ক হুলিও গোমেজ।মাত্র দুই সপ্তাহ আগেই গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জেতা হলো ছোটদের বিশ্বকাপ—মেক্সিকোর সময়টা যাচ্ছে দারুণ। ছোটদের বিশ্বকাপেও মেক্সিকানদেরই জয়জয়কার। বিশ্বকাপের তিন সেরা খেলোয়াড়ের পুরস্কারই গেছে মেক্সিকো দলে। ওয়েবসাইট।