ওরা ১২ জন। লাল ট্রাউজারের সঙ্গে লাল ট্র্যাকস্যুট। এয়ারটেল রাইজিং স্টারসের লোগোটা না থাকলে দেখে মনে হয় এরা সবাই ‘রেড ডেভিল’, মানে ম্যানচেস্টার ইউনাইটেডের জুনিয়র একটা ফুটবল দল।
রাত তখন দুইটা। ২৪ এপ্রিল তারিখটার বয়স হয়ে গেছে দুই ঘণ্টা। হজরত শাহজালাল বিমানবন্দরে সার বেঁধে দাঁড়ানো এই ১২ জন কিশোর ফুটবলার নজর কাড়ল সবার। সবাই ওদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। বিমানবন্দরের কর্মীরা অনেকে জানতেও চাইলেন ওরা কোথায় যাবে, কী করবে ইত্যাদি ইত্যাদি। যখন জানানো হলো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ নিতে, কেউ কেউ বলে ফেললেন, ‘তোমরা বাংলাদেশের গৌরব। দেশের মান-সম্মান রেখো।’ কেউ দাবি জানিয়ে রাখলেন, জিতে আসতে হবে!
ওরা খেলতে যাচ্ছে না। যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাবটিতে উন্নত প্রশিক্ষণ নিতে। কিন্তু ওরা জানে ম্যানচেস্টার ক্লাবে প্রশিক্ষণ নিতে যাওয়াও একধরনের বিজয়। সেই বিজয় ও গৌরবের অনুভূতি আদ্যন্তই ঘিরে রয়েছে ওদের। ওরা ভীষণ উল্লসিত, উচ্ছ্বসিত; যদিও বাইরে তার প্রকাশ সামান্যই।
চোখেমুখে খেলা করছে একটা অনামী বিস্ময়।
এই অবসরে ওদের ১২ জনের নাম বলে দেওয়া যাক: মুস্তাজিব খান, মাহদুদ হোসেন (বিকেএসপি, ঢাকা), ইমন বিশ্বাস (বিকেএসপি, ঢাকা), সোহানুর রহমান (বিকেএসপি, খুলনা), নাঈম ইসলাম, সাব্বির হোসেন (রাজশাহী), সোলায়মান হক, খোকন মিয়া (জামালপুর), হাফিজুর রহমান (যশোর) ও মশিউর রহমান (গাইবান্ধা)।
বয়স ও আকার-আকৃতিতে সবচেয়ে ছোট গাইবান্ধার মশিউর। উচ্চতা সাড়ে চার ফুট। পড়ে অষ্টম শ্রেণীতে। সবার ছোট বলে একটু বেশিই নজর কাড়ছে। ছেলেটা খুব সরলও। এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যাল উপলক্ষে ইরান, নেপাল ও মিয়ানমার ভ্রমণকারী চারজন বাদে বাকি আটজনেরই প্রথম বিদেশ ভ্রমণ, বিমানে ওঠার অভিজ্ঞতাও প্রথম।
একটা স্বপ্নকে তাড়া করে বিমানে ওঠা প্রতিটি এয়ারটেল উদীয়মান তারকাকেই মনে হলো স্বপ্নের মধ্যে হারিয়ে গেছে তারা। প্রতিটি বিষয়ের মধ্যেই এরা খুঁজে পেল নতুনত্ব, বিস্ময় খুঁজে পেল সবখানেই। ২৪ এপ্রিল, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ম্যানচেস্টার বিমানবন্দরে পা রাখার পর ওদের যখন জিজ্ঞেস করা হলো, কেমন লাগছে, প্রায় মিলিত কণ্ঠে উত্তর এল, ‘ভালো, খুব ভালো!’ ব্যতিক্রম ওই মশিউর। ‘ভাই, বিমানে উঠেছিলাম খুব ভয়ে ভয়ে। অনেকে বলেছিল, বিমানে খুব শব্দ হবে। আকাশে লাফালাফি করবে বিমান। খুব ভয়ে ছিলাম। কিন্তু কিছুই তো হলো না। আকাশে উড়ে চলে এলাম এতদূর! কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না’—ছোট্ট ছেলেটির মুখের সব আগল যেন খুলে যেতে চাইল।
কনভেয়ার বেল্ট থেকে ব্যাগপত্তরগুলো সংগ্রহ করে আমরা তখন নীড় খুঁজছি। গাড়িতে ২০-২৫ মিনিটের দূরত্বে ক্যারিংটনে যেতে হবে। মুনতাসির আলম, এয়ারটেল রাইজিং স্টারস কর্মসূচির যারা দেখভাল করছে, সেই এয়ারটেলের এজেন্সি ইন্টারস্পিডের প্রধান নির্বাহী মুনতাসির আলম তিনটি গাড়ি ডেকে ফেললেন। ম্যানচেস্টারে রাইজিং স্টারস কর্মসূচির তত্ত্বাবধায়ক এয়ারটেলের মার্কেটিং ও কমিউনিকেশনস ম্যানেজার মামুনুর রশিদ, ইন্টারস্পিডের সমন্বয়ক পার্থ সারথি সাহা ‘লালরঙা’ ১২ কিশোরকে ঘিরে রইলেন সর্বদা, নিবেদিত অভিভাবকের পর মমতায়।
ঢাকা থেকে আবুধাবি ছয় ঘণ্টা, আবুধাবি থেকে ম্যানচেস্টার আট ঘণ্টা—১৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে হোটেল প্রিমিয়ার ইনে ঠাঁই হলো আমাদের। এই হোটেলের কাছেই ক্যারিংটন লেনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠ। সেখানে ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুশীলন হবে বাংলাদেশের এয়ারটেল উদীয়মান তারকাদের। রুনি-পার্সিদের মতো ভুবন-বিখ্যাত ফুটবল তারকারা যেখানে অনুশীলন করেন, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির কোচরা ওদের প্রশিক্ষণ দেবেন ভেবে ভীষণ রোমাঞ্চিত ইমন, অনিক, মশিউর, মাহবুবরা। আজ ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ওরা দেখবে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নরউইচের ম্যাচটি। এ ম্যাচ দিয়েই কোচ হিসেবে অভিষিক্ত হবেন ইউনাইটেড দলটির প্রতীক হয়ে যাওয়া রায়ান গিগস। স্বপ্নরা কী অনায়াসে সত্যি হয়ে ধরা দিতে যাচ্ছে ১২ খুদে ফুটবলারের চোখে! স্বপ্ন সত্যি হচ্ছে যাদের কল্যাণে, বাংলাদেশের মুঠোফোন সেবাদাতা সেই প্রতিষ্ঠান এয়ারটেলের কাছে ওদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই।
পাঁচ সংগঠনের যৌথ বিবৃতি
আমদানিকৃত নিউজপ্রিন্ট রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান
আমদানিকৃত নিউজপ্রিন্ট এবং রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে চিঠি ইস্যু করায় ক্ষোভ প্রকাশ করেছে আমদানিকারক, ব্যবহারকারী ও ব্যবসায়ীদের পাঁচটি সংগঠন।
এসব সংগঠনের নেতারা গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলমান থাকা অবস্থায় এ-সংক্রান্ত এক বছরের পুরোনো আদেশ (এসআরও) সূত্র হিসেবে উল্লেখ করে ১৬ এপ্রিল বিএসটিআই চিঠিটি ইস্যু করে। এর ফলে সংবাদপত্র, মুদ্রণ ও প্রকাশনাশিল্প চরম ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পড়বে।
বিবৃতিতে বিএসটিআইয়ের মাধ্যমে আমদানি করা কাগজের পরীক্ষা-নিরীক্ষা বন্ধের জোর দাবি জানানো হয়। এর পাশাপাশি রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজের আমদানি শুল্ক সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ এবং আমদানি করা নিউজপ্রিন্টের শুল্ক শূন্যে নামিয়ে আনার জোর দাবি জানানো হয়। ব্যবসায়ী নেতারা শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা দেশীয় কাগজের দাম কমানোর প্রস্তাব করেন। তাঁরা বলেন, ‘চিঠি ইস্যুর প্রক্রিয়ায় গোপনীয়তা, তড়িঘড়ি এবং অস্বচ্ছতা আমাদের মধ্যে নানা সন্দেহের সৃষ্টি করছে। মহলবিশেষের ফাঁদে সরকার তথা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পা দেবে না বলেই আমরা মুদ্রণ, আমদানি, প্রকাশনা ও বিক্রয়ের সঙ্গে জড়িত সমিতি ও সংগঠনের নেতারা বিশ্বাস করি।’
ব্যবসায়ী নেতারা বলেন, আমদানিকারক, ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে বিএসটিআই জানিয়েছে, রাইটিং অ্যান্ড প্রিন্টিং কাগজ এবং নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান পরীক্ষা করে লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করতে হবে। অথচ আমদানীকৃত কাগজের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে গত ২৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে সভা হয়েছে। সেখানে একটি ছাড়া সাতটি সংগঠনই আমদানি নীতিতে বিদেশি কাগজ অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছে। ৯ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সব পক্ষের মতামত জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন সমিতি ও সংগঠন ইতিমধ্যে তাদের মতামত দিয়েছে। আলাপ-আলোচনার এই প্রক্রিয়ার মধ্যে বিএসটিআই যে চিঠি জারি করেছে, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়ার কথা উল্লেখ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, ‘আমরা দেশীয় শিল্পের বিকাশ চাই। কিন্তু দেশীয় কাগজশিল্প এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। দেশি নিউজপ্রিন্ট বারবার ছিঁড়ে যায়, ওজন ও পরিমাণ ঠিক থাকে না। তা ছাড়া আমদানি-প্রক্রিয়ায় অহেতুক জটিলতা সৃষ্টি করা হলে দেশে সিন্ডিকেট গড়ে উঠবে, তারা ইচ্ছামতো দাম নির্ধারণ করবে।’
বিবৃতিতে বলা হয়, সাধারণত বিএসটিআই ভোগ্যপণ্য ও যেসব পণ্য মানবদেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, সেগুলোর গুণমান পরীক্ষা ও নিয়ন্ত্রণ করে থাকে। এখনকার প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর থেকে পরীক্ষার জন্য নিউজপ্রিন্টের নমুনা ঢাকায় বিএসটিআইয়ে এনে তা পরীক্ষার পর আবার চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়ায় এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগবে। এই সময়ে কনটেইনারপ্রতি যে ক্ষতিপূরণ দিতে হবে, তা ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলবে।
বিবৃতিতে সই করেন বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ভরসা ও সাধারণ সম্পাদক আলমগীর হক, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও একই সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম এবং পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি আমিন হেলালী।