ওরা এতিমখানার জিমন্যাস্ট
এতিমখানায় কবে ভর্তি হয়েছিল মরিয়ম, সুরমা, তনিমারা সেটা ঠিক মনে করে বলতে পারছিল না। সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কোনো খেলার মাঠ নেই। চাইলেও তাই এই কিশোরীরা দৌড়ঝাঁপ করতে পারে না, খেলতে পারে না গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা। নিয়মের নিগড়ে বাঁধা পড়ে টেলিভিশনের সামনেও তারা বসতে পারে না নিয়মিত। এই মেয়েরাই গত মাসে বিকেএসপিতে এক মাসের প্রশিক্ষণ নিয়ে জিমন্যাস্ট হয়ে গেল!কাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে ভল্টিং টেবিল, ব্যালেন্স বিম আর ফ্লোর ইভেন্টে বেশ সাবলীল পারফর্ম করল এরা। মহিলা ক্রীড়া সংস্থা নিয়মিতই মেয়েদের বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কাল এই সংস্থা আয়োজন করল উন্মুক্ত বয়সভিত্তিক মহিলা জিমন্যাস্টিকস। না, কোনো পদক পায়নি এতিমখানার মেয়েরা। তাতে কী? অংশ নিয়েই বেশ খুশি পঞ্চম শ্রেণীর ছাত্রী মরিয়ম, ‘আমরা লুডু, দাবা খেলা ছাড়া অন্য কিছু খেলার সুযোগ পাই না। এমন একটি টুর্নামেন্টে খেলতে পেরে দারুণ লাগছে।’দিনব্যাপী প্রতিযোগিতায় ৬-৯ বছর বয়সী গ্রুপে ভল্টিং টেবিলে সোনা জিতেছে নারায়ণগঞ্জের লিলিয়া, ব্যালেন্স বিমে একই জেলার অনিক, ফ্লোরে পঞ্চগড়ের শ্রেয়া। ১০-১২ বছরের ভল্টিং টেবিল, ব্যালেন্স বিম ও ফ্লোরে সোনা জিতেছে বিকেএসপির নূর আক্তার বানু। বিকেএসপিসহ ৮ জেলার ৪০ জন জিমন্যাস্ট অংশ নিয়েছে প্রতিযোগিতায়।