ওরা যাচ্ছে ম্যানচেস্টার
বিকেএসপির ফুটবল মাঠ। শেষ বিকেলে সারি বেঁধে বসা ২০০ খুদে ফুটবলার। যেন বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে, চোখমুখে সেই উৎকণ্ঠা। সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, ‘একটু পরেই জানা যাবে ১২ জন ভাগ্যবানের নাম...।’ একটু পর...একটু পর...অপেক্ষার প্রহর যেন কাটছিল না। দুই দিনের অনুশীলন শেষে অঙ্ক কষতে বসে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের তিন কোচ কেভিন ও’কনেল, মাইকেল বেনেট ও মাইকেল ম্যাকক্লিন। ফাঁকে বল নিয়ে কারিকুরি দেখাল চার-পাঁচজন কিশোর। কেউ বল পিঠের ওপর রেখে জার্সি খুলে ফেলল। কেউ বা বল নাকের ডগায় আর মাথার ওপরে তুলে নাচাতে লাগল। কিন্তু স্নায়ুচাপে ভুগতে থাকা ছেলেদের পা দুটি যেন নড়ছিল না ভালোমতো। শেষে তুমুল হাততালি দিয়ে সবাই অভিনন্দন জানাল ওদের। অবশেষে অপেক্ষার শেষ হলো। তিন কোচের হাত থেকে ১২ জনের তালিকাটা সঞ্চালকের হাতে। একে একে তিনি ঘোষণা করলেন নামগুলো। আগামী ১৭ নভেম্বর ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলে যাচ্ছে মোহাম্মদ সুজয় (কিশোরগঞ্জ), শাফায়েত হোসেন (কক্সবাজার), মাহমুদুল হাসান (শেরপুর), সাইদ রাকিব খান (বরিশাল), ফয়সাল আহমেদ (সুনামগঞ্জ), মিজানুর রহমান (চট্টগ্রাম), রাজীব হোসেন (চট্টগ্রাম), ইব্রাহিম বাবু (কক্সবাজার), নাদিম মাহমুদ (টাঙ্গাইল), রিপন কুমার দাস (ফরিদপুর), মাশহুদ উদ্দিন আহমদ (চট্টগ্রাম), মোহাম্মদ মিঠু (নারায়ণগঞ্জ)। এই ১২ জনের মধ্যে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে মাশহুদ, মিঠু, মাহমুদুল, শাফায়েত ও রিপন। সারা দেশ থেকে বাছাই করা এসব ছেলের মধ্যে সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছে চট্টগ্রাম জেলা থেকে। একদিকে খুদে কিশোরদের গলায় তুলে দেওয়া হচ্ছে সোনালি পদক। অন্যদিকে মঞ্চের কোনায় দাঁড়িয়ে স্বপ্নপূরণের আনন্দে কেঁদেই চলেছে রাজীব। বাবা আবদুল হামিদ চট্টগ্রামের হাটবাজারে লুঙ্গি বেচেন। অভাবের তাড়নায় ছেলেকে ঠিকমতো পড়াতে পারেননি। ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। কিন্তু খেলাটা ছাড়েনি। তাই তো নাম নিবন্ধন করেছিল। বাবার স্বপ্ন, ছেলে বড় ফুটবলার হবে। স্বপ্নপূরণের একটি সিঁড়িতে পা রেখে বলল, ‘এ আনন্দের মুহূর্তে বাবার কথা খুব মনে পড়ছে। কল্পনাও করিনি যে এত ছেলের মধ্য থেকে সুযোগ পাব।’ মাহমুদুল হাসান এই খুশির মুহূর্তটা উৎসর্গ করেছে তার বন্ধুকে। কারণটাও বলল বিকেএসপির ছাত্র, ‘আমি নিজে নাম নিবন্ধন করতে পারিনি। বন্ধুর করা রেজিস্ট্রেশন গিফট পেয়েছি। ওর দুটি রেজিস্ট্রেশন করা ছিল। একটা আমাকে দিয়েছিল।’ এয়ারটেল রাইজিং স্টারসের কল্যাণে পাওয়া সুযোগটা যেন বিশ্বাসই করতে পারছিল না ও, ‘আমার বিশ্বাসই হচ্ছে না। কারণ এর আগে বাফুফে থেকে আমাদের ডেনমার্কে খেলতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে যেতে পারিনি।’কক্সবাজারের ছেলে শাফায়েত আগে থেকেই একটু আঁচ করতে পেরেছিল, ‘যখন মাঠে খেলছিলাম, তখন কোচ আমার পেছনে কী যেন মার্ক করছিল। তখন একটু একটু বুঝছিলাম।’ নারায়ণগঞ্জের ছেলে মিঠু স্নায়ুচাপে ভুগছিল সারা দিন ধরেই। সবার শেষে আসে ওর নাম। প্রিয় খেলোয়াড়দের দেখার জন্য যেন তর সইছে না ওর, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যাব...গিগস-রুনি-হার্নান্দেজদের দেখতে পাব, এটা কল্পনাই করতে পারছি না!’কল্পনা না করতে পারলেও এটাই সত্যি। খুদে ফুটবলারদের আকাশে আজ ওরা জ্বলজ্বলে তারা!