ওরা হতে চায় সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হতে চাও সালমা? হতে চাও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একজন? তাহলে আর নয় ঘরে থাকা। যোগ দাও ক্রিকেটে।’—এমন অনেক ডিজিটাল ব্যানারে ভরা ছিল মিরপুর ক্রিকেট একাডেমি মাঠের চারপাশ। দুপুরের কড়া রোদ উপেক্ষা করে কাল মাঠে হাজির একদল কিশোরী। কারও গায়ে বাংলাদেশ দলের জার্সি। কারও হাতে ব্যাট, গ্লাভস। সবার চোখে একটাই স্বপ্ন, ‘ক্রিকেটার হবো।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কাল দিনভর চলল মেয়েদের নতুন ক্রিকেট প্রতিভা খোঁজার প্রাথমিক ধাপ। শুধু পত্রিকায় দেওয়া বিজ্ঞাপন দেখেই ঢাকা ও এর আশপাশের জেলা থেকে ৪০৮ জন কিশোরী নাম নিবন্ধন করাল।সাভার থেকে এসে রোদ্দুরে ঠায় দাঁড়িয়ে ছিল শ্রাবণী আচার্য। মা স্বপ্না আচার্য স্বপ্ন দেখেন মেয়ে একদিন বড় ক্রিকেটার হবে। চারদিকে ছড়িয়ে পড়বে সুনাম। মায়ের হাত ধরে মিরপুরে চলে এসেছে সাভার বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। হাতে ধরা নিবন্ধন কার্ড, কণ্ঠে প্রত্যয়, ‘সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হতে চাই।’ মাঠের একপাশে সারবেঁধে দাঁড়ানো মিনু, আয়েশা, খোদেজা, শাপলা আর সালমা। রাজধানীর সুবিধাবঞ্চিত এই মেয়েরা এসেছে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থা থেকে। সালমা বলল, ‘আমিও সালমা আপুর মতো হতে চাই।’ এদের নাম নিবন্ধনে ব্যস্ত ছিলেন শিক্ষক সুশোভোন মজুমদার। ছাত্রীদের সব ইচ্ছা পূরণ করতে পারেন না বলে তাঁর আক্ষেপ, ‘এই মেয়েদের ক্রিকেটার হওয়ার খুব শখ। পেশাদারিত্বের এই যুগেও ওদের কোনো প্যাড, গ্লাভস নেই। ওরা সবাই টেপ-টেনিস দিয়ে ক্রিকেট খেলে।’ এরা যে মোটেই শৌখিন ক্রিকেটার নয়, সেটাও জানালেন, ‘কদিন আগে পথশিশুদের অধিকার সপ্তাহে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এই মেয়েরা।’ ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন সুশোভন।মিরপুর স্টেডিয়ামের পাশেই তামান্নার বাড়ি। বিকেএসপিতে আর্চারির ট্রায়াল দিলেও ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর মিরপুর সরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী, ‘আর্চারির চেয়ে ক্রিকেটই বেশি ভালো লাগে। বাংলাদেশের খেলা থাকলে মায়ের সঙ্গে মাঠে চলে আসি। সাকিব, তামিমদের খেলা দেখে আমারও ইচ্ছা করে মাঠে নামতে।’ মিরপুরের আরেক কিশোরী আনিকা। বাড়ির সামনে ছোট ভাই আবিরের সঙ্গে টেপ-টেনিস খেলে এত দিন হাত পাকা করেছে। লাইনে দাঁড়িয়ে নাম নিবন্ধন করার সময় বলল, ‘টেপ-টেনিসে নয়, আমি এখন কাঠের বলে খেলতে চাই।’নিবন্ধন শেষে প্রাথমিক বাছাই। সেখান থেকে ট্রায়ালের পর খেলোয়াড়দের বেছে নেওয়া হবে চূড়ান্ত পর্বের জন্য। সেখানে জায়গা পেতে চায় ইয়ামিম রুপা। বোরহানউদ্দিন কলেজের ছাত্রীর কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আবাহনীর হয়ে চার বছর ঘরোয়া ক্রিকেট খেলছি। আশা করি চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারব।’