ওরা 'বিশ্বাসঘাতক'!

রাতেই বার্নাব্যুতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের বহু কাঙ্ক্ষিত ধ্রুপদি লড়াই। আচ্ছা, দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল নিজেদের মধ্যে খেলোয়াড় বদল করেছে কখনো? করছে, সেটা অনেক সময়ই তুমুল আলোচনা-সমালোচনার জন্মও দিয়েছে। এমনই কয়েকজনকে নিয়ে এই ফিচার
লুইস ফিগো
বার্সেলোনার হয়ে ১৭২ ম্যাচে ৩০ গোল করা লুইস ফিগোকে বড্ড ভালোবাসত ক্যাম্প ন্যুর দর্শকেরা। সেই ভালোবাসা হয়তো যথেষ্ট মনে হয়নি ফিগোর। ২০০০-০১ মৌসুমে বার্সার সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কটা চুকিয়েই ফেললেন! যোগ দিলেন অন্য কোনো ক্লাব নয়, চিরশত্রু রিয়ালের ডেরায়! শুধু রিয়াল-বার্সা বলেই নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ট্রান্সফার এটি। ছয় কোটি এক লাখ ডলার ট্রান্সফার ফি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের একটিও বটে। ২০০২-০৩ মৌসুমে ক্যাম্প ন্যুতে ফিগো যখন এল-ক্লাসিকো খেলতে এলেন, অবধারিতভাবেই তাঁর জন্য ভালো অভ্যর্থনা অপেক্ষা করছিল না। একসময়ের ভালোবাসার খেলোয়াড়কেই ঘৃণা উগরে দেওয়ার পালা! ফিগোকে সেবার ক্যাম্প ন্যুতে আনতে অতিরিক্ত পুলিশি পাহারার ব্যবস্থা করতে হয়েছিল। ম্যাচ চলার সময় কর্নার, ফ্রি-কিক নেওয়ার সময় ফিগোকে উদ্দেশ করে গ্যালারি থেকে মুদ্রা, গলফ বল এমনকি শুকুরের কাটা মুন্ডুও ছুড়ে মারা হয়েছিল! আর উপরি হিসেবে দুয়োধ্বনি তো ছিলই। ফিগো কিন্তু রিয়ালের জার্সিতে বেশ সফল হন। ১৬৪ ম্যাচে গোল করেছেন ৩৬টি। রিয়ালের দুটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বার্নড সুস্টার
আশির দশকে বার্সার অবিচ্ছেদ্য অংশ ছিলেন জার্মান মিডফিল্ডার বার্নার্ড সুস্টার। এই সুস্টারই ৮৫-এর দিকে ম্যারাডোনাকে সঙ্গে নিয়ে তখনকার খর্বশক্তির বার্সাকে লা-লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভালোই চলছিল সুস্টারের বার্সা-প্রেম। কিন্তু প্রেমটা বেশিদিন টিকল না। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সম্পর্কের ইতি। সম্পর্কের টানাপোড়নে ৮৮-এ ঘোর শত্রু রিয়ালের কাছে সুস্টারকে বিক্রি করে দিতে রীতিমতো বাধ্য হয় বার্সা। পরিসংখ্যান বলে, সান্তিয়াগো বার্নাব্যুর সুস্টার ক্যাম্প ন্যুর চেয়ে বেশি সফল ছিলেন। রিয়ালের খেলোয়াড় হিসেবে দুটি লা লিগা শিরোপা জেতা ছাড়াও ২০০৮-এ কোচ হিসেবে রিয়ালকে জিতিয়েছেন ৩১তম লা লিগা শিরোপা।
মাইকেল লাউড্রপ
ড্যানিশ ফুটবলার মাইকেল লাউড্রপও চাপিয়েছেন বার্সা ও রিয়ালের জার্সি। কিছুদিন আগে সাবেক হওয়া সোয়ানসি সিটি ম্যানেজার ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে বার্সায় যোগ দেন ১৯৮৯ সালে। লাউড্রপ, রোনাল্ড কোমেন, স্টোয়েচকভ ও পেপ গার্দিওলারা সে সময় দুর্দান্ত এক বার্সা গড়ে তুলেছিলেন। ওই দলটি টানা চারটি লা-লিগা শিরোপা জেতার অনন্য কীর্তি গড়েছিলেন। ইয়োহান ক্রুইফের অধীনে তখনকার বার্সাকে দলকে তুলনা করা হতো ৭০-এর বিখ্যাত ডাচ দল আয়াক্স এর সঙ্গে। গুরু ক্রুইফের সঙ্গে ঝামেলা পাকিয়ে বার্সা ছেড়ে রিয়ালে যোগ দেন। যদিও রিয়ালের হয়ে কেবল দুই মৌসুম খেলেছিলেন, কিন্তু বার্সার লা-লিগা আধিপত্য নাশে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন।
লুইস মিলা
প্রথম ভালোবাসাকে যেমন ছাড়া সহজ নয়, তেমনি প্রথম ক্লাবকেও নয়! সাবেক স্প্যানিশ মিডফিল্ডার লুইস মিলার লা লিগা অভিষেক হয়েছিল বার্সেলোনার হয়ে, ১৯৮৫ সালে। মিলা উঠে এসেছিলেন বার্সার একাডেমি হয়ে। ১৯৮৫-৯০—ক্যাম্প ন্যুয়ের ক্লাবের হয়ে মোট ৫৪ ম্যাচ খেলেছিলেন। শেষের দিকে বাড়তি পারিশ্রমিক দাবি করে ঝামেলায় জড়িয়ে পড়েন কোচ ইয়োহান ক্রুইফের সঙ্গে। এতে করে মিলার জায়গা হচ্ছিল সাইড বেঞ্চে। প্রিয় ক্লাবের উপর রীতিমতো ত্যক্ত-বিরক্ত হয়েই শেষমেশ যোগ দেন ‘শত্রু’ ডেরায়, ৯০-এর দিকে। রিয়ালকে দুটি লা লিগা ও কোপা ডেল রে জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লুইস এনরিকে
রিয়াল-বার্সা—দুই দলই খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা বেশ কম। আর বেশির ভাগ খেলোয়াড়ই বার্সা ছেড়ে রিয়ালে গেছেন। রিয়াল ছেড়ে বার্সায় গেছেন এমন দৃষ্টান্ত বিরল। এ বিরলতম দলের একজন সাবেক স্প্যানিশ ফুটবলার লুইস এনরিকে। সব্যসাচী ফুটবলার হিসেবে তার সুনাম ছিল বেশ । এনরিকে অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ডিফেন্ডার এবং গোলকিপারের পজিশন ছাড়া ক্যারিয়ারজুড়ে মোটামুটি সব পজিশনেই খেলেছেন। রিয়ালের হয়ে ১৫৭ ম্যাচে গোল ১৫টি। রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর স্প্যানিশ ফুটবলে সবাইকে তাক লাগিয়ে বার্সায় যোগ দেন ‘ফ্রি ট্রান্সফারে’! বার্সাকে দুটি লিগ ও একটি স্প্যানিশ কাপ জিতিয়েছিলেন। বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচে এনরিকের গোলসংখ্যা ৭৩টি। এনরিক এক্ষেত্রে খুবই সৌভাগ্যবান। কারণ তিনি রিয়াল ও বার্সা দুই দলের খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা পেয়েছেন। এনরিক এখন লা লিগার সেল্টা ভিগোর কোচ।