ওরাও কিছু করতে চায়
কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেন না। ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন। উত্তর দেবেন কী করে? শাহরিয়ার আহমেদ যে কিছু শুনতেই পান না! এই অ্যাথলেটই হয়েছেন এবারের বধিরদের আসরের দ্রুততম মানব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল হয়ে গেল দুই দিনব্যাপী বধির অ্যাথলেটিকস। সারা দেশের ২৮টি জেলা থেকে এসেছেন ১৯৬ জন বধির অ্যাথলেট। সবাই আকারে-ইঙ্গিতে কথা বলছেন। শাহরিয়ারদের মতো বধিরদের ভাষা বুঝতে সাহায্য নিতে হতে হলো দোভাষীর। বধিরদের ইশারা দেখে সেটার ব্যাখ্যা করে দিচ্ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন। ফেডারেশনের ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে জাকিরসহ পাঁচজন কথা বলতে পারেন। বাকিরা পারেন না।শাহরিয়ারের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত জাকির জানালেন, ‘ও খুবই ভালো মানের অ্যাথলেট। ১০০ মিটার, ২০০ মিটারের পাশাপাশি শটপুটেও দারুণ পারদর্শী।’ কথা বলতে না পারলেও কিছু কাগজে লিখে দিলে সেটার উত্তর দিচ্ছিলেন শাহরিয়ার। বিজয়নগর বধির স্কুল থেকে মাধ্যমিক পাস করে পড়াশোনা করছেন রাজশাহী গুশাম কলেজে। রাজশাহীর সাগরপাড়ার তরুণ দোভাষীর মাধ্যমে জানালেন, তাঁর বাবা-মা দুজনই বধির। চার বছর বয়সে টাইফয়েডের পার্শ্বপ্রতিক্রিয়ায় বধির হয়ে যান শাহরিয়ার। খেলাধুলায় দারুণ আগ্রহ ২৪ বছর বয়সী এই তরুণের। টানা তৃতীয়বার জাতীয় প্রতিযোগিতায় হলেন দ্রুততম মানব। জাতীয় অ্যাথলেটিকসেও দৌড়ানোর স্বপ্ন দেখেন শাহরিয়ার।সর্বশেষ জাতীয় বধির অ্যাথলেটিকস হয়েছে ২০১০ সালে। পৃষ্ঠপোষকতা ও আর্থিক অসংগতির অভাবেই নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে পারছেন না কর্মকর্তারা। অর্থসম্পাদক খাইরুল বাশার জানালেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বার্ষিক অনুদান হিসেবে ৫-৬ লাখ টাকা পাই। কিন্তু এত অল্প টাকায় আমরা নিয়মিত টুর্নামেন্ট করতে পারি না। তা ছাড়া ভেন্যু সমস্যা তো আছেই।’