ওরাও জিততে চায়
মিরপুরের সুইমিংপুল দাপিয়ে বেড়ানো একদল উচ্ছল খুদে সাঁতারুর ভিড়ে আলাদা করে চেনার কোনো উপায় নেই। পরনে একই রকম সুইমিং কস্টিউম। চোখে একই গগলস। একই রকম সারল্য। শুধু একটা জায়গাতেই আলাদা—ওরা প্রতিবন্ধী। বুদ্ধিপ্রতিবন্ধী। অটিস্টিক দুই সাঁতারু এবার অংশ নিচ্ছে ২৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারে। শিলাইদহ সুইমিং ক্লাবের হয়ে খেলছে পারুল আক্তার ও সিদ্দিক হোসেন।আগামী ২৪ জুন-৪ জুলাই গ্রিসের এথেন্সে হবে স্পেশাল অলিম্পিক। এ জন্য বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করছে দুই কিশোর-কিশোরী। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ যে আটটি খেলায় অংশ নেবে, এর একটি সাঁতার। চারজনের দলে পারুল-সিদ্দিকের সঙ্গে মাসুদ ও নুরুন্নাহার। গত এশিয়ান স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে সাঁতারে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছিল নুরুন্নাহার, মাসুদ রুপা। এই দুজন অবশ্য বয়সভিত্তিক জাতীয় সাঁতারে অংশ নিচ্ছে না।পারুল আর সিদ্দিকের ভয় ভাঙাতেই বড় আসরে পানিতে নামিয়েছেন কোচ গোলাম মোস্তফা। জানালেন, ‘ওরা শুরুতে কিছুই জানত না। কোনটা স্ট্রোক, কোনটা টার্নিং, কীভাবে স্টার্ট নিতে হয়—সব ধৈর্য ধরে শিখিয়েছি।’ অটিজম শিশুদের বেলায় বড় সমস্যা হলো, ওদের যা শেখানো হয় খানিক পরেই ভুলে যায়। তাই ওদের ইভেন্ট বোঝাতেই হিমশিম খেতে হয়েছে মোস্তফাকে। পারুল অংশ নিচ্ছে ১০০ মিটার ফ্রি-স্টাইলে। ১০০ মিটার ব্যাক স্ট্রোক ও ব্রেস্ট স্ট্রোকে সাঁতরাচ্ছে সিদ্দিক। স্পেশাল অলিম্পিকেও একই ইভেন্টে সাঁতরাবে ওরা। প্রশ্ন করলে মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। অনেক পর উত্তর দেয় দুজনই। তবে একটু বেশি সপ্রতিভ কল্যাণী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সিদ্দিক জানাল, ‘বাংলাদেশের হয়ে সোনা জিততে চাই।’ একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পারুলেরও হাসিমাখা উত্তর, ‘গ্রিসে ভালো করব।’ দেশের বিভিন্ন অটিজম স্কুল থেকে বাছাই করে সবচেয়ে প্রতিভাবান এই সাঁতারুদের গত এপ্রিল থেকে অনুশীলন করানো হচ্ছে। মাত্র কয়েকবার ঢাকায় আসা দুই কিশোর-কিশোরী এখন এথেন্সের বিমানে ওঠার অপেক্ষায় দিন গুনছে। ভিসা পেতে ইতালিয়ান দূতাবাসে মৌখিক পরীক্ষা দিতে হয়েছে পারুলের কৃষক বাবা জহির উদ্দিনকে। ‘আমরা আদম পাচার করছি কি না, সেটা যাচাইয়ের জন্যই ওদের মা-বাবাকে উপস্থিত করতে হয়েছে দূতাবাসে’—এক ফাঁকে জানালেন মোস্তফা।স্কুলে ওরা একটা গানই ভালো গাইতে পারে, ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন।’ সাঁতার ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানালেন, ‘প্রথমবারের মতো প্রতিবন্ধী এই ছেলেমেয়েদের সবার সঙ্গে সুযোগ করে দিতে পেরে ভালোই লাগছে। প্রতিভাবানদের মাঝে আমরা কোনো বৈষম্য চাই না।’বৈষম্যের দেয়াল ভাঙার জিগীষাই তো ওদের নিয়ে এসেছে এত দূর!