ওরামের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৯ সালে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি জ্যাকব ওরাম। তবে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। এর মানে কি তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন? ‘এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে গত কয়েক সপ্তাহ চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমার পক্ষে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে পূর্ণকালীন প্রতিশ্রুতিতে থাকা সম্ভব নয়।’ আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন ৩৪ বছর বয়সী ওরাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে পুরো মনোযোগ দিতেই ওরাম চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বিবৃতিতে কিউই অলরাউন্ডার জানিয়েছেন, তাঁর সরে দাঁড়ানোর কারণ বহুবিধ। ওরাম বলেন, ‘বেশ কিছু ব্যাপার আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করেছে। এর মধ্যে রয়েছে আমার বয়স, ক্যারিয়ারের সার্বিক অবস্থা ও দ্বিতীয় সন্তানের জন্ম-সম্ভাবনা। আমি সত্যি টি-টোয়েন্টি ফরম্যাট পছন্দ করি। এটি খেলেই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে চাই আমি।’ওরাম জানান, ঘরোয়া টি-টোয়েন্টিতে নিয়মিত খেলে যাবেন তিনি। খেলবেন দেশের বাইরের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায়ও। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ওরামের কথা থেকে স্পষ্ট, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে দিয়েছেন তিনি। তবে বোর্ডের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ওরামের সামনে দরজা খোলা আছে। চাইলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার বাঁচাতে ২০০৯ সালে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ওরাম। কিন্তু ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে পারেননি কিউই অলরাউন্ডার। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ইনজুরিতে পড়েছেন, ভুগেছেন ফর্মহীনতায়ও। সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরে ওরাম কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে রাখা হয়নি। বোর্ডের মুখপাত্র জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও সম্ভবত রাখা হতো না ওরামকে।