ওরামের সামনে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের ভাবনা আপাতত মাথা থেকে সরিয়ে ফেলতে পারেন জ্যাকব ওরাম। চোটের কারণে দলের বাইরে থাকা অলরাউন্ডার ৫ ডিসেম্বর বলেছিলেন, বিশ্বকাপের দলে না থাকলে ক্রিকেটকে বিদায়ই বলে দেবেন। ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করা ৩২ বছর বয়সী অলরাউন্ডারের ক্যারিয়ার মনে হয় আরেকটু লম্বা হচ্ছে। নিউজিল্যান্ডের ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে রাখা হয়েছে গত দুই বিশ্বকাপ খেলা ওরামকে। প্রাথমিক দলে ওয়ানডে না খেলা ক্রিকেটার সাতজন। নতুনদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ডগ ব্রেসওয়েল—ব্রেসওয়েল পরিবারের নবতম প্রতিনিধি। বাবা ব্রেন্ডন ব্রেসওয়েল খেলেছিলেন ৬টি টেস্ট ও ১টি ওয়ানডে, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন দুই চাচা ডগলাস ও মার্ক ব্রেসওয়েল। তবে পরিবারের সবচেয়ে বিখ্যাত ডগের আরেক চাচা জন ব্রেসওয়েল। ৪১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলা জন জাতীয় দলের কোচও ছিলেন।প্রধান কোচ থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েই ব্যস্ত সময় কাটাতে হয়েছে মার্ক গ্রেটব্যাচকে। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে গ্রেটব্যাচ, গ্লেন টার্নার ও ল্যান্স কেয়ার্নসের নির্বাচক কমিটি। টানা খেলতে থাকা অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে, নেতৃত্ব দেবেন রস টেলর। ১৩ সদস্যের টেস্ট দলে একমাত্র নতুন মুখ উইকেটরক্ষক রিস ইয়াং। ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন বি জে ওয়াটলিং ও জিতান প্যাটেল। অকল্যান্ডে বক্সিং ডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে তিন ম্যাচের। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৭ জানুয়ারি। ওয়েবসাইট।