ওর্তেগাকে নিয়ে কথা রাখলেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা কথা দিয়েছিলেন। কথাটা রাখলেন। আর্জেন্টিনা দলে ডাকলেন জাতীয় দলে বিস্মৃত হয়ে পড়া আরিয়েল ওর্তেগাকে। রিভার প্লেটের ৩৬ বছর বয়সী এই প্লে-মেকার জাতীয় দলের হয়ে তাঁর ৮৬ ম্যাচের সর্বশেষটি খেলেছিলেন সাত বছর আগে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, মদ্যপান—নেতিবাচক কারণে প্রায়ই খবরের শিরোনামে আসা সেই ওর্তেগা ম্যারাডোনা দলে নিলেন ৫ মে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচের দলে।জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর নেশার জগতে পা বাড়িয়েছিলেন এককালে ‘নতুন ম্যারাডোনা’ খেতাব পাওয়া এই ফুটবলার। কোচ হওয়ার পর ম্যারাডোনা জানিয়েছিলেন, হতাশার অন্ধকারে নিমজ্জিত ওর্তেগার জীবনে আশার আলো এনে দেওয়ার জন্য একটা ম্যাচে হলেও তাঁকে সুযোগ দিতে চান। একের পর এক খেলোয়াড় ডাকার কারণে তুমুল সমালোচনার মুখেও গত বছর সেপ্টেম্বরে প্রথম ওর্তেগাকে ডেকেছিলেন কোচ। ঘানার বিপক্ষে ওই ম্যাচটা ওর্তেগা খেলতে পারেননি চোটের কারণে। আর তাই আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে তাঁকে।১৯৯৪, ১৯৯৮ আর ২০০২ বিশ্বকাপে খেলা এই ফুটবলার আবারও ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সত্যি বলতে কি, জাতীয় দলে থাকাটা আমার জন্য বিরাট আনন্দের একটা উপলক্ষ। ফুটবল থেকে পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা। অনেক দিন হলো আকাশি-সাদা জার্সিটা পরা হয়নি। তাই এটা আমার জন্য হবে দারুণ, অন্যরকম একটা কিছু। আমি জানি, এই সুযোগ পাওয়া মানেই এমন নয়, আমি বিশ্বকাপে যাচ্ছি, কারণ কোচ বাকি খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করছেন। তাতেও আমার আপত্তি নেই। আমি বরং ওর (ম্যারাডোনা) কাছে কৃতজ্ঞ এই ম্যাচে আমাকে সুযোগ দেওয়ায়।’যে ১৭ জনকে ম্যারাডোনা সুযোগ দিয়েছেন, এর মধ্যে কেবল মার্টিন পালের্মোরই বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৭ জনই আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে খেলেন। আর্জেন্টিনা ফুটবলে নিজেকে বিতর্কিত চরিত্র বানিয়ে ফেলা ওর্তেগা এমন এক সময় সুযোগ পেলেন, যখন নতুন বিতর্ক তাঁকে ঘিরে। গত শনিবার লিগে এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার লিওনার্দো দেসাবাতোর সঙ্গে মাঠে প্রায় হাতাহাতিই শুরু করে দিয়েছিলেন। গত সোমবার অনুশীলনে আসার পথে শিকার হয়েছিলেন গাড়ি দুর্ঘটনার। রয়টার্স।