ওল্ড ট্রাফোর্ড কী কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন নিস্তরঙ্গ জলাশয় থেকে হঠাৎই উত্তাল সমুদ্রে এসে পড়া। এত দিন ছিলেন এভারটনে, সেখানে শিরোপা প্রত্যাশার এমন চাপ ছিল না। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে বুঝতে পারলেন বড় দলের চাপ আসলে কী! সবচেয়ে বড় কথা, এমন একটা দলের দায়িত্ব নিয়েছেন যারা ‘শিরোপা-খরা’ ব্যাপারটার সঙ্গেই অভ্যস্ত নয়। ডেভিড ময়েস হয়তো ভাবছেন এভারটনেই তো বেশ ছিলাম, কেন ইউনাইটেডের দায়িত্বটা নিতে গেলাম!
গত দুই ম্যাচের পর চাপটা এখন সিন্দবাদের ভূতের মতো চেপে বসেছে। আগে থেকেই শিরোপার দৌড়ে পিছিয়ে ছিল, গত দুই ম্যাচে হারের পর সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে। এভারটন ও নিউক্যাসলের কাছে নিজেদের মাঠে হারের তো অজুহাত দেওয়া চলে না। ময়েস সেটা দেনওনি। পুরো দায় নিলেন নিজের কাঁধেই, ‘আমি সব ফলাফলের দায়িত্ব নিজের কাঁধেই নিচ্ছি। সৌভাগ্যের কথা, চ্যাম্পিয়নস লিগে আমাদের ফল ভালোই হচ্ছে। কিন্তু প্রিমিয়ার লিগে সেটা হচ্ছে না। আশা করি, সামনে আমরা আরও ভালো করব।’
ময়েস মনে করিয়ে দিয়েছেন দিন কয়েক আগে আর্সেনালকে হারানো আর লেভারকুসেনের মাঠে পাঁচ গোলের জয়। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না এই স্কটিশ, ‘কিছু ম্যাচে আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি। আমি মনে করি আমাদের প্রতিটা ক্ষেত্রেই এখন উন্নতির সুযোগ আছে। খেলা, পাস দেওয়া, রক্ষণের কাজ—সবকিছুই আরও ভালো করা।’
কিন্তু এমন অবস্থার সঙ্গে তো ইউনাইটেডের খেলোয়াড়েরা একদমই অপরিচিত। তাঁরা কি হতাশ হয়ে পড়েছেন? ময়েস সেটা পুরোপুরি অস্বীকার করলেন না, ‘হ্যাঁ, খেলোয়াড়েরা কিছুটা ব্যথিত, কারণ তারা জিততে অভ্যস্ত। যখন সেটা হচ্ছে না তখন কিছুটা বেদনা তো আসবেই।’ সেই সঙ্গে জানিয়ে দিলেন, ‘তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
কালই চ্যাম্পিয়নস লিগে শাখতারের সঙ্গে ম্যাচ ছিল ইউনাইটেডের। রুনিরা কী করেছেন সেটা তো এতক্ষণে জেনেই গেছেন! এএফপি।