ওল্ড ট্রাফোর্ডে আলো, বার্নাব্যুতে অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলান থেকে ৩-২ গোলে জিতে আসার পর নিজেদের মাঠ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের টিকিট জোগাড় করতে না পারাটাই হতো বিস্ময়কর। শেষ আটে এক পা দিয়েই পরশু এসি মিলানের মুখোমুখি হয়েছিল ম্যানইউ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে। মিলানকে বিধ্বস্ত করেই তারা গেল কোয়ার্টার ফাইনালে। প্রথমার্ধে ওয়েইন রুনির দুই গোল, এর সঙ্গে পার্ক ও ফ্লেচারের গোল মিলিয়ে মিলান হারল ৪-০ ব্যবধানে। এই মৌসুমে রুনি তাঁর গোলসংখ্যা নিয়ে গেলেন তিরিশের কোঠায়। সান সিরোতেও দুই গোল করে এসেছিলেন রুনি, নিজেদের মাঠেও পেলেন দুই গোল। রুনির ক্যারিয়ারে চলছে বসন্ত পূর্ণিমা। গুরু অ্যালেক্স ফার্গুসন তো বলেই দিয়েছেন, তাঁর বিশ্বাস, ২০০৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর ৪২ গোল ছুঁতে চলেছেন এবার রুনি।দুই লেগ মিলিয়ে মিলানের হার ৭-২ গোল গড়ে। পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য একেবারেই লজ্জাজনক ফল। ওল্ড ট্রাফোর্ডে সাত বছর পর ডেভিড বেকহামের ফেরাটা বিস্বাদে ভরে গেল। মিলানের ব্রাজিলিয়ান কোচ লিওনার্দো এমন পরাজয়ের পর আর কী বলতে পারতেন? ‘আমরা ম্যাচটিকে নানাভাবেই বিশ্লেষণ করতে হয়তো পারব, কিন্তু একটা বিষয় অস্বীকার করতে পারব না, সেটা হলো ইউনাইটেডের পারফরম্যান্স। তারা সত্যিই অসাধারণ খেলেছে’—বলেছেন লিওনার্দো।এ তো গেল ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক দলের আলোকিত রাতের কথা। চ্যাম্পিয়নস লিগ যে পরশু রাতে প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে সফল দলটিকে তাদের মাঠে আরও একবার বিষণ্ন আঁধারে ঢেকে দিয়েছে!২৫০ মিলিয়ন ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ‘গ্যালাকটিকোস’ রাজত্ব ফিরিয়ে আনতে চেয়েছে এবার বড় আশায়, হাতে নিতে হবে দশম শিরোপা। এই রাতে সে আশার সমাধি দিয়েছে ফ্রান্সের ক্লাব লিওঁ। যে ক্লাবটি ক্লাব ফুটবল দুনিয়ায় কখনো বড় নাম নয়, অথচ রিয়ালের সামনে এর আগেও বিছিয়ে দিয়েছে কাঁটা। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জয়ী লিওঁর জন্য দ্বিতীয় লেগটা ড্র করলেই চলত। ৬ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়া রিয়ালের খেলা মনে করিয়ে দিচ্ছিল স্প্যানিশ লিগে তাদের তুঙ্গস্পর্শী ফর্মের কথা। ধারাভাষ্যকারেরাও তখন প্রতিযোগিতায় নেমেছিলেন রিয়াল-স্তুতির। লিওঁর বিজয়ের ছবিটা কেউ তখন আঁকতে পারেনি। কিন্তু রক্ষণটাকে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে আর কোনো গোল পেতে দেয়নি লিওঁ রিয়ালকে। তারপর দ্বিতীয়ার্ধে তাদের একটু নিষ্প্রভতার সুযোগে গোলটা শোধই করে দিল তারা। ৭৫ মিনিটে রিয়ালের বুক ভেঙে সমতাসূচক গোলটি করেছেন লিওঁর বসনিয়ান স্ট্রাইকার মিরালেম পিজনিচ। এটুকু জীবনের সবচেয়ে বড় গোলটি করে পিজনিচ এখন লিওঁর হিরো, আর রিয়ালের খেলোয়াড়েরা বিশেষ করে গোলরক্ষক ইকার ক্যাসিয়াস হয়তো ঘুমের মধ্যেও দেখছেন গোল করার পর তাঁর উল্লাস। উল্লাস দেখছেন, আর বুকের মধ্যে শব্দ শুনছেন হাতুড়ি পেটার, গোটা রিয়ালই হয়তো তাই। ক্যাসিয়াস মানতেই পারছেন না এই ফল, ‘রাগে আমাদের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই বিপর্যয় হজম করা কষ্টের।’তবে চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতার দায় নিয়েছেন খড়্গ মাথায় পড়ার সময় গুনতে থাকা রিয়াল কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘কোচ হিসেবে প্রথম দায়টা আমারই। আমার ভবিষ্যত্ এখন বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন শুধু আগের মতোই কাজই করে যেতে পারি আমি।’ সেই কবে ২০০২ সালে সর্বশেষ মানে নিজেদের নবম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল, সুতরাং যতই বিশ্বের সবচেয়ে উপার্জনকারী ক্লাবের তকমা জুটুক না কেন, চ্যাম্পিয়নস লিগ এলেই ধরতে হবে তারা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে। এই নিয়ে টানা ছয়বার রিয়াল বিদায় নিল শেষ ষোলো থেকে। শেষ ১০ মিনিটের মধ্যে একেবারেই সহজ দুটি সুযোগ নষ্ট না করলে লিওঁ কিন্তু এ রাতে বার্নাব্যু থেকে ফিরতে পারত জয় নিয়েই। তবে এটাও ঠিক, প্রথমার্ধেই জয়ের কড়ি জোগাড় করা উচিত ছিল রিয়ালের। দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন গঞ্জালো হিগুয়েইন। ২৬ মিনিটে তাঁর কোনাকুনি শট কাছের পোস্টে লেগে বিস্ময়করভাবে চলে যায় দূরে। রিয়াল তখনো জানত না, চ্যাম্পিয়নস লিগটাই আসলে চলে গেল তাদের নাগালের বাইরে। ২২ মে বার্নাব্যুতে আবারও ফিরবে চ্যাম্পিয়নস লিগ, ফাইনালটা হবে এখানেই। রিয়াল মাদ্রিদ তখন স্রেফ দর্শক। এএফপি।