ওল্ড ট্রাফোর্ডে ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

ছুটি-অবসর এসব তো সন্ন্যাসীদের জন্য। পেশাদার ফুটবল কোচদের কি এসব বিলাসিতা মানায়?
কথাটা লুই ফন গালের। আর এটা যে শুধু কথার কথা নয়, ফন গালের জীবন-দর্শনও, ডাচ কোচ আরও একবার সেটার প্রমাণ দিলেন। হল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছেন সেমিফাইনালে। তারপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও খেলেছে হল্যান্ড। চার দিনও পার হয়নি, লাগেজে মালপত্র ভরে চলে গেলেন নতুন কর্মস্থলে।
ব্যক্তিগত বিমানে চড়ে ম্যানচেস্টারে নেমেছেন গতকাল সকালে, সেখান থেকে কালো শেভরোলেটে করে সোজা ক্যারিংটনে ইউনাইটেডের ট্রেনিং ক্যাম্প। স্বাগত জানাতে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা তৈরিই ছিলেন। পরিচিতি পর্ব শেষ করেই বেরোলেন ক্লাব ঘুরে দেখতে। কিছুক্ষণ পর ইউনাইটেড থেকে জানানো হলো, বৃহস্পতিবার (আজ) পরিচিতি অনুষ্ঠান হবে ফন গালের। প্রথম সংবাদ সম্মেলনও।
ওই আনুষ্ঠানিকতাটুকুই যা বাকি! আসলে ওল্ড ট্রাফোর্ডে ফন গাল যুগের শুরু হয়ে গেছে গতকালই।
স্যার অ্যালেক্স ফার্গুসন নামের এক স্কটিশের ২৬ বছরের চূড়ান্ত সাফল্যমণ্ডিত একটা অধ্যায় শেষে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেভিড ময়েসকে। কিন্তু প্রথম মৌসুমেই ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটিকে ব্যর্থতার এমন গিরিখাদে নিয়ে ফেলেছেন তিনি যে, মৌসুম শেষ হওয়ার আগেই বরখাস্ত হতে হয়েছে। মাঝের এই দুঃসময়টুকু ভুলে আবার নতুন করে শুরু করতে রেড ডেভিলরা এবার শরণাপন্ন ফন গালের। আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোকে অসংখ্য সাফল্য এনে দেওয়া ডাচ কোচ পারবেন ফার্গুসনের যোগ্য উত্তরসূরি হতে?
সময়ই দেবে উত্তর। তবে ফন গাল সম্পর্কে সবারই ধারণা বেশ ইতিবাচক। ইউনাইটেডের বয়সভিত্তিক দলের সাবেক কোচ ও ফার্গুসনের একসময়ের সহকারী রেনে মিউলেনস্টিন যেমন বলছেন, ফন গালই সবচেয়ে যোগ্য লোক। তবে নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য সহজ হবে না বলে মনে করেন তিনি, ‘ফন গালের কোচিং করানোর নিজস্ব ধরন আছে। যেখানেই গেছেন সেই স্টাইলটা ধরে রেখেছেন। বার্সেলোনা, আয়াক্স কিংবা বায়ার্ন সব জায়গাতেই ছিলেন সর্বেসর্বা। খেলোয়াড়েরা অনেক সময় সেটার সঙ্গে খুব সহজেই মানিয়ে যায়, অনেক সময় মানাতে পারে না। যারা মানাতে পারবে না তাদের তো সমস্যা হবেই।’
ফার্গুসনের সুসময়টা আবার ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনতে ফন গালের মতোই একজনকে দরকার বলে মনে করেন সাবেক ইউনাইটেড অধিনায়ক ব্রায়ান রবসন, ‘আপনারা খেয়াল করবেন, বিশ্বকাপে হল্যান্ড খুবই সুশৃঙ্খল একটা দল ছিল। আশা করব ফন গাল ইউনাইটেডেও এই শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। আমার বিশ্বাস তাঁর অধীনে ইউনাইটেড ঘুরে দাঁড়াবে কারণ তাঁর কোচিং ক্যারিয়ারও অসাধারণ। বড় ক্লাব, বড় খেলোয়াড়দের কোচিং করানোর সব রকম অভিজ্ঞতাই আছে।’
সমর্থকেরা নিশ্চয়ই প্রত্যাশা করছেন রবসনের কথাটাই যেন সত্যি হয়। রয়টার্স, গোলডটকম, ডেইলি মেইল।