ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ওয়ার্নার?
প্রথম টেস্টে লড়াই করে হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অবশ্য ইংল্যান্ড তাদের দাঁড়াতেই দেয়নি। অ্যাশেজের দুই টেস্টের চার ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। মাইকেল ক্লার্কের দলের ব্যাটিংয়েই ফুটে উঠছে দৈন্যদশা। আর এ কারণেই হয়তো কপাল খুলে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের। আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরছেন বিতর্কিত এই ওপেনার।
ফেরাটা অবশ্য এখনই পুরোপুরি নিশ্চিত নয়। জো রুটের সঙ্গে বার্মিংহামের পানশালায় মারামারি করার পর থেকে অস্ট্রেলিয়া দলে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন। খেলতে পারেননি অ্যাশেজের প্রথম দুই টেস্টে। পর্যাপ্ত অনুশীলন ম্যাচ খেলা হয়নি বলে ওয়ার্নারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকা সফরে। কিন্তু দুই টেস্টেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতার পর আবারও নজর তাঁর ওপর। দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলে ওয়ার্নারও প্রমাণ করেছেন দলে ফিরতে প্রস্তুত তিনি। বৃহস্পতিবার থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেই ওয়ার্নার থাকবেন কি না, সেটা নিশ্চিত করে বলেননি কেউ। তবে গতকালই তাঁর ম্যানচেস্টারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথাটা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের মুখপাত্র ম্যাট কেনিন। এএফপি।