ওল্ড ট্রাফোর্ডে বিদায়-প্রস্তুতি

১৯ মে আসতে এখনো কদিন বাকি। কিন্তু বিদায়ের সুর বাজতে শুরু করেছে ওল্ড ট্রাফোর্ডে। এক বিষাদগীতি। প্রায় ২৭ বছর ধরে যে সংসার সাজিয়েছেন, যে সম্পর্কের শেকড় দিনে দিনে শুধু ছড়িয়েই গেছে, সেখান থেকে এত দ্রুত সবকিছুর ইতি টেনে দেওয়ার মতো কঠিন কাজ আর কি হতে পারে? সেই কঠিনতম পরীক্ষার মুখোমুখি স্যার অ্যালেক্স ফার্গুসন। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসন-অধ্যায়। তবে এর আগেই ওল্ড ট্রাফোর্ডে বিদায় সংবর্ধনার আয়োজন করতে হচ্ছে। আজ সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচটাই যে নিজ মাঠে ফার্গুসনের শেষ ম্যাচ!
ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবটি ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিত্বটিকে কীভাবে বিদায় জানাবে, তা এখনো বিশদ করে বলা হচ্ছে না। তবে আজ ইউনাইটেডকে বুঝিয়ে দেওয়া হবে তাদের ২০তম লিগ ট্রফিটি। আগামীকাল ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করবে ইউনাইটেড। শিরোপা ফিরে পাওয়ার আনন্দ-উৎসব অবশ্য বিষাদের মেঘে ঢেকে যাচ্ছে। ইউনাইটেডের শিরোপা-উৎসব পরিণত হচ্ছে ফার্গির বিদায় সংবর্ধনায়।
এতটা আবেগের ঢেউ হয়তো থাকবে না, তার পরও গুডিসন পার্কেও আজ বাজবে করুণ সুর। ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজ মাঠের সমর্থকদের বিদায় জানাবেন এভারটনের ডেভিড ময়েস। গুডিসন পার্কে ১১ বছর ধরে কাজ করছেন। এখানকার সমর্থকেরাও তাঁকে প্রচণ্ড ভালোবাসে। বুকে পাথর বেঁধেই ময়েসকে বিদায় জানাবে সমর্থকেরা। মধ্যবিত্তের এক টানাটানির সংসারকেও ঠিক সামলে নিয়েছিলেন ময়েস।
ফার্গির যোগ্য উত্তরসূরি হিসেবে ময়েসকে মেনে নিচ্ছেন রেড ডেভিলের খেলোয়াড়েরাও। অধিনায়ক নেমানিয়া ভিদিচ যেমন বলেছেন, ‘তিনি এভারটনে দারুণ কাজ করেছেন। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম আর শৃঙ্খলাবদ্ধ রাখতে জানেন। ডেভিড আর স্যার অ্যালেক্সের মধ্যে বেশ কিছু মিলও আছে। দুজনই খেলাটার জন্য পাগল, জাত বিজয়ী এবং খেলাটার প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি আর কাজ করার ধরনটা তো আপনারা জানেনই।’
ফার্গিকে শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তি পেলেও। নিজের টুইটারে পেলে লিখেছেন, ‘স্যার, অ্যালেক্স, আপনি একজন কিংবদন্তি, আপনার অর্জন আর কেউ কখনো ছাপিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কোচ হিসেবে আপনিই আমার কাছে আদর্শ। আগামী প্রজন্মের জন্যও আপনি একটি উদাহরণ।’
ফার্গুসনকে শ্রদ্ধা জানিয়েছেন হোসে মরিনহা, কার্লো আনচেলত্তি, রবার্তো মানচিনি, ফ্যাবিও ক্যাপেলোও। মরিনহো বলেছেন, এই বিদায় তাঁর জন্যও বিষাদের, ‘স্যার অ্যালেক্স নিজে ফোন করে আমাকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সম্মান তিনি আমাকে দেখিয়েছেন। এই কথা শুনে আমি বিস্মিত হয়েছিলাম, ব্যথিতও।’
আজ এমন এক ম্যাচ, যে ম্যাচে আবেগাপ্লুত প্রতিপক্ষও। সোয়ানসি কোচ মাইকেল লাউড্রপ যেমন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিংবদন্তি শব্দটি এখন কারণে-অকারণে ব্যবহার করে খেলো করে ফেলেছে আমাদের গণমাধ্যম। কিন্তু ফুটবলের সত্যিকারের কিংবদন্তি হলেন তিনিই। ওল্ড ট্রাফোর্ডে তাঁর শেষ ম্যাচে প্রতিপক্ষের ডাগ-আউটে থাকতে পারাটাও সম্মানের।’ এএফপি, রয়টার্স।