ওল্ড ট্রাফোর্ডে ল্যামবার্টের ফেরা
কোন ম্যাচ নিয়ে আলোচনা শুরু করা যায়? কেন, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নরউইচ সিটি!এত ম্যাচ থাকতে এই মৌসুমে প্রিমিয়ার লিগে আসা একটা দলের সঙ্গে পরাশক্তি ম্যানইউর লড়াই নিয়ে শুরুতেই আলোচনা! একটু বেখাপ্পা তো লাগবেই। তার ওপর এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটো ডার্বি। আজ মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি লিভারপুল-এভারটন, আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনাল-টটেনহাম।এসব বাদ দিয়েও ম্যানইউ-নরউইচ ম্যাচ আলোচনায় এল এক ব্যক্তির কারণে। নরউইচের কোচ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে ‘প্রত্যাবর্তন’ হচ্ছে পল ল্যামবার্টের। খেলোয়াড়ি জীবনে ল্যামবার্টের অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত ম্যানইউর মাঠেই। ১৪ বছর আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে এসেছিলেন তখনকার এই মিডফিল্ডার। ওই ম্যাচে ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছিল বরুসিয়া। পরে ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে জিতেছিল ইউরোপ-সেরার ট্রফিও।ওল্ড ট্রাফোর্ড মাঠ থেকে আজ আরেকটি সুখস্মৃতি উপহার চান ল্যামবার্ট। গত দুই ম্যাচে বোল্টন ও সান্ডারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর নরউইচ আজ মুখোমুখি হবে কিছুটা অস্বস্তির মুখে থাকা ম্যানইউর। দারুণভাবে মৌসুম শুরু করা ম্যানইউ গত দুই ম্যাচে ড্র করে একটু যেন ছন্দপতনের শিকার। লিগে স্টোক সিটির পর চ্যাম্পিয়নস লিগে এফসি বাসেলের সঙ্গে নিজেদের মাঠে ৩-৩ ড্র।ফলে ম্যানইউর জন্য নিজেদের ফিরে পাওয়ার তাড়া থাকবেই। অবশ্য এরই মধ্যে আজকের ম্যাচের জন্য তারা ফিরে পেয়েছে দুই স্ট্রাইকার ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজকে। দুটি হ্যাটট্রিকসহ লিগে পাঁচ ম্যাচেই নয় গোল করেছেন রুনি। ফলে তাঁর ফিরে আসাটা ফার্গুসনের জন্য দারুণ সুখবর, সন্দেহ নেই।তবে ল্যামবার্ট তাঁর শিষ্যদের এত কিছু না ভেবে ওল্ড ট্রাফোর্ডে খেলাটা উপভোগ করতে বলছেন, যেমনটা উপভোগ তিনি করেছিলেন ১৯৯৭ সালে। তবে একটা শর্তও আছে তাঁর, ‘লোকে বলে যাও, মাঠে নেমে উপভোগ করো। কিন্তু আপনি তখনই উপভোগ করতে পারবেন, যখন খেলাটা নিজের মতো করে খেলতে পারবেন। এই মুহূর্তে ম্যানইউ সম্ভবত ব্রিটেনের সেরা ক্লাব, আর ইউরোপে সেরা বার্সেলোনার পাশাপাশি। আমাদের সুবিধাটা হলো, কেউ আমাদের কাছ থেকে জয় প্রত্যাশা করবে না। ছেলেরা নিশ্চয়ই সেখানকার স্টেডিয়ামের আবহ উপভোগ করবে। নিজেদের উজাড় করে দিয়ে খেলবে।’ এএফপি।