ওল্ড ট্রাফোর্ডে সেই পুরোনো আগুন?
আজ ওল্ড ট্রাফোর্ডে কি দুই দলের ঐতিহাসিক দ্বৈরথটা নতুন করে শুরু হচ্ছে?
ওল্ড ট্রাফোর্ডে আজ ২১৭ বারের মতো মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। তার আগে ওই প্রশ্নই উড়ছে বাতাসে।
একসময় ইউনাইটেড-আর্সেনালের দ্বৈরথটা পেয়েছিল ঐতিহাসিক মর্যাদা। ইংলিশ ফুটবল ইতিহাসে অনেক স্মরণীয় ম্যাচেরই জন্ম দিয়েছে দুই দল। কিন্তু ২০০৫ সালের পর থেকেই দুই দলের লড়াইটা হয়ে যায় একপেশে। গত সাত বছরে ইউনাইটেডকে কখনো হারাতে পারেনি আর্সেনাল। ২০১১ সালে এই ওল্ড ট্রাফোর্ডে আর্সেন ওয়েঙ্গারের দল ডুবেছে ২-৮ গোলের লজ্জায়। আর্সেনাল ইউনাইটেডের শিরোপার পথে কাঁটা বিছাবে কি না, দুই দলের ম্যাচের আগে এটাই থাকত আলোচনার বিষয়!
এবার সেই আর্সেনালই এখনো পর্যন্ত শিরোপার এক নম্বর দাবিদার। মেসুত ওজিলের ছোঁয়ায় অন্যরূপে দেখা দেওয়া আর্সেনাল ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে। তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে চ্যাম্পিয়ন ইউনাইটেড ৮ নম্বরে! আজ আর্সেনালের লড়াইটা শীর্ষস্থান ধরে রাখার, ইউনাইটেডের শিরোপা দৌড়ে ফেরার। জিতলে শুধু ইউনাইটেডের সঙ্গে ব্যবধানটাই বেড়ে ১১ হবে না, ২০০৩-০৪ মৌসুমের পর আর্সেনালের প্রথম লিগ শিরোপার স্বপ্নটা রঙিন হবে আরও। সেই আশা নিয়েই প্রতিপক্ষের মাঠে যাচ্ছেন ওয়েঙ্গার। এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে ডাগআউটে অ্যালেক্স ফার্গুসনকে দেখবেন না আর্সেনাল কোচ।
মরিনহো-বেনিতেজ, যত নামই বলুন, ডাগআউটে ফার্গুসনের সত্যিকারের লড়াইটা তো ছিল ওয়েঙ্গারের সঙ্গেই। এবার সেই ফার্গির জায়গায় ডেভিড ময়েস। যাঁর হাতে পড়ে ইউনাইটেড খাবি খাচ্ছে। যদিও শুরুর সেই ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ আট ম্যাচে অপরাজিত তারা। অন্যদিকে গত সপ্তাহে লিভারপুলকে এবং বুধবার প্রথম ইংলিশ ক্লাব হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে আসা আর্সেনাল যেন উড়ছে। তবে ইউনাইটেড ম্যাচের আগে ওয়েঙ্গার সতর্ক। আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটিও। প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এএফপি।