ওল্ড ট্রাফোর্ডে ৮ গোলের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি, অনেকের চোখেই সর্বকালের সেরা প্রতিভাবান ফুটবলার জর্জ বেস্টকে ছাপিয়ে গেলেন। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তার পরও কাল পাংশু মুখে মাঠ ছাড়লেন ওয়েইন রুনি। বেস্ট আর ডেনিস ভায়োলেটের মতো দুই ম্যানইউ কিংবদন্তিকে ছাপিয়ে ক্লাবের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিনে যে নিজেদের মাঠে এভারটনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করল ম্যানইউ। ৮২ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে থাকা ম্যাচে হারাল গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। আর ম্যানইউর এই হোঁচট জমিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগ। পরের ম্যাচে উলভ্সকে ২-০ গোলে হারিয়েছে সিটি। গোলদাতা আগুয়েরো ও নাসরি। এ জয়ে শীর্ষে থাকা ম্যানইউর সঙ্গে সিটির ব্যবধান নেমে এল তিনে। বাকিও আছে আর তিন ম্যাচ।ম্যাচের ৩৩ মিনিটেই একটা অঘটনের আশঙ্কায় কেঁপে উঠেছিল ম্যানইউ সমর্থকেরা। নিকিচা ইয়েলাভিচের গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। ৪১ মিনিটে গোল করে রুনিই দলকে ফেরান কক্ষপথে। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে ম্যানইউ। এর পরই গোল পাল্টা গোলের দুটি মিনিট। ৬৭ মিনিটে ফেলানি ব্যবধান কমান, ৬৯ মিনিটে ম্যানইউর জার্সি গায়ে ১৮০তম গোলটি করে রুনি আবারও ব্যবধান বাড়ান। ৪-২-এ ম্যাচ যখন শেষ হব হব করছে, সেই সময় ৮৩ আর ৮৫ মিনিটে দুটি গোল করে আবারও ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে এভারটন। এ দুই গোলের প্রথমটি ইয়েলাভিচের ম্যাচে দ্বিতীয় গোল। পরেরটি করেছেন স্টিভেন পিনার।সিটির জয়ে ৩০ এপ্রিলের ম্যাচটি হয়ে উঠল মহাগুরুত্বপূর্ণ। এদিন যে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি দুই দল! ওই ম্যাচটি সিটি খেলবে নিজেদের মাঠে। কাল ড্রয়ের পর অ্যালেক্স ফার্গুসন বলেই দিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডে তাঁর ২৫ বছরের ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্বি! অবশ্য ওই ম্যাচে নিজ দলের ওপর যে আস্থা রাখবেন, সেটিও জানাতে ভোলেননি ফার্গি, ‘আমরাই ওদের সুযোগটা করে দিলাম, কোনো সন্দেহ নেই; ইতিহাদের ম্যাচটিই হবে শিরোপানির্ধারক। কাজটা নিজেদের জন্য আমরা নিজেরাই কঠিন করেছি। তবে আমরা ওদের মাঠে খেলতে যাব এ বিশ্বাস নিয়েই, আমরা জিততে পারি।’এদিকে ইতালিয়ান লিগেও এসি মিলানকে ধাক্কা দিয়েছে বোলোনিয়া। মিলান আসলে হারতে হারতে ড্র করে একটা পয়েন্ট অন্তত পেয়েছে। ২৬ মিনিটে খাওয়া গোলটি একেবারে ম্যাচের শেষ মুহূর্তে মিলান শোধ করেছে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে। রয়টার্স।