ওল্ড ট্রাফোর্ডের প্রেরণা লর্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে অর্জন কম হয়নি। শাহাদাত হোসেনের পাঁচ উইকেট, তামিম ইকবালের সেঞ্চুরি, টেস্ট পাঁচ দিনে নিয়ে যাওয়া, এমনকি টেস্ট ড্র করতে না পারার হতাশাটাও তো অর্জনই! তবে সবচেয়ে বড় অর্জন বোধ হয় ইংলিশ কন্ডিশনকে জয় করে পাওয়া আত্মবিশ্বাস।অধিনায়ক সাকিব আল হাসানের পর্যবেক্ষণ, লর্ডস টেস্ট ইংলিশ কন্ডিশন নিয়ে দীর্ঘদিনের ভীতিটা দূর করে দিতে পেরেছে এবার। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল থেকে আসা খেলোয়াড়দের কাছেও শীতপ্রধান দেশে ক্রিকেট খেলাটা যে সহজ হয়ে উঠতে পারে, এই বিশ্বাস জন্মেছে সবার মনে। ‘কন্ডিশন নিয়ে ভয় অনেকটা কেটে গেছে। সবাই এখন অনেক বেশি আত্মবিশ্বাসী—এখানে ভালো করা সম্ভব। ইংলিশ কন্ডিশন মানে এমন কোনো পরিস্থিতি না যে খেলাই যাবে না’—কাল অনুশীলনের আগে কথাগুলো বলে বাংলাদেশ অধিনায়কই জানালেন, লর্ডসের আত্মবিশ্বাস তাঁদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টারে, ‘লর্ডসে ভালো খেলার পর আমাদের দায়িত্ব বেড়ে গেছে। যদিও এখানে খেলা আরও কঠিন হবে বলে আমাদের ধারণা। ঠিকভাবে বানাতে পারলে ওল্ড ট্রাফোর্ডের উইকেটই নাকি ওদের সবচেয়ে গতিময় উইকেট।’সাকিবের সঙ্গে এই জায়গায় মতের সামান্য ভিন্নতা আছে মোহাম্মদ আশরাফুলের। তাঁর চোখে ওল্ড ট্রাফোর্ড স্পিনারদের জন্যই ভালো। তবে আসল জায়গায় তিনিও একমত অধিনায়কের সঙ্গে, ‘লর্ডস টেস্টে হারলেও আমরা খারাপ খেলিনি। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ম্যানচেস্টারেও কিছু করা সম্ভব।’ একই ভাবনা মাহমুদউল্লাহরও, ‘লর্ডসের পর এখানে ভালো খেলা উচিত আমাদের। আশা করি ভালো খেলবও আমরা। তবে কন্ডিশন বড় ব্যাপার হবে এখানেও।’ওল্ড ট্রাফোর্ডে ভালো খেলার একটা সহজ সমীকরণ দাঁড় করিয়েছেন সাকিব, ‘লর্ডসে আমরা প্রায় সাড়ে ছয় শ রান করেছি। কিন্তু এ রকম রান করার পর যে বোলিং হয়েছে সেটা আসলেই গ্রহণযোগ্য না। আশা করি, বোলাররা উন্নতি করবে আর ব্যাটসম্যানরা আগের টেস্টের ফর্ম ধরে রাখতে হবে। এটা হলে ম্যাচ আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’লর্ডস টেস্টের পর দলের মধ্যে উন্নতির লক্ষণ দেখছেন কোচ জেমি সিডন্সও। তবে বাস্তববাদী সিডন্স টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড আর বাংলাদেশের পার্থক্যটা মনে করিয়ে দিলেন আরও একবার, ‘ইংল্যান্ড খুবই ভালো দল। টেস্টের এক নম্বর দল হতে চায় তারা। তাদের বিপক্ষে টেস্ট জয় বা ড্র সহজ কাজ নয়। আমাদের লক্ষ্য ভালো খেলা এবং আমরা তাই খেলছি।’প্রথম টেস্টে বাংলাদেশের ভালো খেলার অনেকটাই তামিম ইকবালের ভালো খেলা। প্রথম ইনিংসে ফিফটি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি—টেস্টটা পঞ্চম দিনে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কৃতিত্ব তো এই বাঁহাতি ওপেনারেরই! কিন্তু লর্ডস টেস্টের মতো ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগেও অনিশ্চয়তা তাঁকে ঘিরে। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে বুকের পাঁজরে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা কয়েক দিন ধরেই ছিল, তবে গত দুই দিনে তা এতটাই বেড়েছে যে নেটেও ব্যাটিং করতে পারছেন না ঠিকভাবে। কাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তাই ওল্ড ট্রাফোর্ড টেস্টে তামিমের খেলা সংশয়ের মেঘে ঢাকা ছিল। অনুশীলন শুরুর আগে হতাশ তামিম নিজেই বলছিলেন, ‘হাতের ব্যথা এখন বুকে চলে এসেছে...জানি না কী হবে।’ভালো খেলেও তামিমের হতাশা ইনজুরির কারণে, আর রবিউল ইসলাম হতাশ অভিষেক টেস্টটাকে স্মরণীয় করতে না পেরে। প্র্যাকটিস ম্যাচে ভালো বল করার সৌজন্যে লর্ডসে টেস্ট অভিষেক, সেই অভিষেক টেস্ট তাঁকে দিল হতাশা। ম্যানচেস্টার পিকাডেলির রেডিসন হোটেলে রবিউলের মুখটা সে কারণেই কি এত বিষণ্ন? দলে নতুন আসা এই বোলার অবশ্য পাশে পাচ্ছেন অধিনায়ককে, ‘টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই হোক, অভিষেক ম্যাচ অন্য রকম একটা ব্যাপার। মনে আছে অভিষেক ম্যাচে মাসাকাদজার বলে পুরো মিডলিং হওয়ার পরও আমি বল মিড অন পার করতে পারছিলাম না....জানি না কেন। আমি মনে করি অভিষেক ম্যাচ ছোট দলের সঙ্গে হলেই ভালো। তবে পেসারদের অভিষেকের জন্য এটাই উপযুক্ত কন্ডিশন।’