ওল্ড ট্র্যাফোর্ডের খলনায়ক ময়েস, রুনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনির প্রতি ময়েসের অতিরিক্ত পক্ষপাত চিড় ধরিয়েছে ইউনাইটেডের ঐক্যে!  ছবি: ইন্টারনেট।
রুনির প্রতি ময়েসের অতিরিক্ত পক্ষপাত চিড় ধরিয়েছে ইউনাইটেডের ঐক্যে! ছবি: ইন্টারনেট।

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার মূলে আছেন ওয়েইন রুনি। তাঁর প্রতি কোচ ডেভিড ময়েসের মাত্রাতিরিক্ত মনোযোগ আর পক্ষপাতিত্ব নাকি রেড ডেভিলদের ড্রেসিংরুমের ঐক্য রীতিমতো গুঁড়িয়েই দিয়েছে। ময়েসের এ ব্যাপারটি নাকি অন্যান্য খেলোয়াড়ের মনে তাঁর প্রতি করে তুলেছে প্রচণ্ড ক্ষুব্ধ।
এই প্রজন্মের ফুটবলপ্রেমীরা ইউনাইটেডকে কী অতীতে এতটা বেহাল অবস্থায় দেখেছেন? হার না-মানা এক দল হিসেবেই তো স্যার অ্যালেক্স ফার্গুসনের জমানায় পরিচিতি পেয়েছিল এ দলটি। কিন্তু এই মৌসুমে ময়েসের তত্ত্বাবধানে এসে সেই হার না-মানা দলটিই পরিণত হয়েছে ছন্নছাড়া এক দুর্বল শক্তিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে বেহাল অবস্থা তো আছেই, সম্প্রতি এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে ইউনাইটেড। এমন একটা পরিস্থিতিতে এর নেপথ্য কারণ হিসেবে সামনে চলে এসেছে ইংল্যান্ডের অন্যতম শীর্ষ এ দলটির অভ্যন্তরীণ কোন্দল আর অনৈক্যের ব্যাপারটি। অতীতে খুব সম্ভবত আর কখনোই এতটা করুণ অবস্থার মধ্যে ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যবস্থাপনা।
ফার্গুসনের হাত থেকে দায়িত্ব নেওয়ার সময় ময়েসকে সতর্ক করে দিয়েছিলেন ইউনাইটেডের অন্যতম কোচিং ব্যক্তিত্ব রেনে মিউলেনস্টিন। নতুন কোচকে স্বাগত জানিয়ে মিউলেনস্টিন বলেছিলেন, ‘ছোট নৌকা থেকে বিরাট জাহাজের ডেকে এসে পড়লে ভাই। একটু সতর্ক হয়ে থেকো।’
মিউলেনস্টিনের সেই সতর্ক-বার্তা যে মাত্র কয়েক মাসের মধ্যেই ময়েসের জীবনে এভাবে ফলে যাবে, সেটা কে জানত! ময়েস যে আক্ষরিক অর্থেই ম্যানচেস্টার ইউনাইটেড নামের এক বিশাল জাহাজ নিয়ে হিমশৈলে ধাক্কা খেতে চলেছেন। জাহাজ সমুদ্রে নামিয়ে চালিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু হিমশৈলের চূড়া যে এত তাড়াতাড়ি তাঁর দৃষ্টিসীমায় চলে আসবে—তা বোধ করা যায়, স্বপ্নেও ভাবেননি এভারটনের সাবেক এই কোচ।
ময়েসের বিরুদ্ধে অনেক অভিযোগ। প্রথম অভিযোগ রুনির ব্যাপারে পক্ষপাতিত্ব দেখিয়ে দলকে বিভক্ত করে দেওয়া। দ্বিতীয় অভিযোগ তাঁর কোচিং রীতি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাধারণত খেলোয়াড়েরা সহজে বেরিয়ে যান না। তাই ময়েস মোটামুটি পুরোনো একটা স্কোয়াডই তাঁর দায়িত্বভার গ্রহণের সময় পেয়েছিলেন। কিন্তু পুরোনো খেলোয়াড়েরা তাঁর কোচিং রীতি নাকি একেবারেই পছন্দ করেন না। অনেকেই ময়েসের অধীনে নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হিসেবে ময়েস যে সব ফর্মুলা মেনে চলেন, সেগুলোও ক্রমাগত অসহ্যকর ঠেকছে অনেক খেলোয়াড়ের কাছেই। রিও ফার্ডিনান্ড তো সম্প্রতি প্রকাশ্যেই সমালোচনা করেছেন ময়েসের প্রথম একাদশ নির্বাচনের সময়ের। ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে তাঁর প্রথম একাদশ নির্বাচনের ব্যাপারটি নিয়ে বেশির ভাগ খেলোয়াড়ের মধ্যেই সঞ্চারিত হয়েছে ব্যাপক ক্ষোভ। ফার্গুসন নাকি ম্যাচের অন্তত এক দিন আগে খেলোয়াড়দের ডেকে জানিয়ে দিতেন একাদশের চেহারা। এতে মাঠে নামা খেলোয়াড়েরা মানসিক প্রস্তুতির সময় পেতেন। এখন কোনো খেলোয়াড়ই বুঝতে পারেন না, তিনি আদৌ একাদশে আছেন কি না, এতে দলের ঐক্যই কেবল নয়, সমন্বয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে দারুণভাবে। ওয়েবসাইট।