ওল্ডট্রাফোর্ড ছাড়তে চেয়েছিল রুনি: ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ক্যারিয়ারের সুবর্ণ একটি সময় পার করলেও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওয়েইন রুনির। বেশ কিছুদিন ধরেই প্রথম একাদশে জায়গা মিলছে না এই ইংলিশ স্ট্রাইকারের। গতকাল ওল্ডট্রাফোর্ডে নিজের বিদায়ী ম্যাচের একাদশটাও ফার্গুসন সাজিয়েছিলেন রুনিকে ছাড়াই। এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি ইংলিশ ফুটবল অঙ্গনে জোর গুজব উঠেছিল যে রুনি ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না। ওই খবরটা যে শুধুই গুজব ছিল না, সেটাই গণমাধ্যমকে জানিয়েছেন ফার্গুসন। বেশ খোলাখুলিই স্বীকার করেছেন, রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তেই চেয়েছিলেন।২০১০ সালে প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা জানিয়েছিলেন ওয়েইন রুনি। কিন্তু সেই সিদ্ধান্তে স্থির না থেকে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। এবারের মৌসুমে সেই পুরোনো কথাটিই উঠেছে নতুন করে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কোচ অ্যালেক্স ফার্গুসন বলেছেন, ‘হ্যাঁ, সে ক্লাব ছাড়তে চেয়েছিল।’ নিজের বিদায়ী ম্যাচে রুনির মতো একজন তারকা খেলোয়াড়কে কেন প্রথম একাদশে জায়গা দেননি, এমন প্রশ্নের জবাবে ফার্গুসন বলেছেন, ‘আমার মনে হয় না রুনি খেলার জন্য খুব বেশি আগ্রহী ছিল। কারণ সে তার আগেই দলবদলের অনুরোধ জানিয়েছিল। তবে আমরা তাঁকে ছেড়ে দিতে চাই না। আমার মনে হয় এ মুহূর্তে সে কিছুটা হতাশায় আছে। কারণ গত কয়েক সপ্তাহে তাকে নিয়মিত খেলানো হয়নি।’ তা হলে ম্যানচেস্টার ইউনাইটেডে রুনির ভবিষ্যত্ কী হবে? এভাবেই কি উপেক্ষিত হয়ে থাকতে হবে, নাকি নতুন করে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন ইংল্যান্ডের অন্যতম সেরা এই স্ট্রাইকার? এই প্রশ্নের জবাবটা দেওয়ার দায়ভার নতুন কোচ ডেভিড ময়েসের ওপরই ছেড়ে দিয়েছেন ফার্গুসন।রুনির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মোয়েসের সঙ্গে সম্পর্কটাও বেশ পুরোনো। ২০০২ সালে মোয়েসের হাত ধরেই পেশাদারি ফুটবলে অভিষেক হয়েছিল রুনির। সে সময় তিনি খেলতেন এভারটনের জার্সি গায়ে। পরে অবশ্য সম্পর্কের বেশ অবনতিও হয়েছিল মোয়েস ও রুনির। ২০০৬ সালে নিজের আত্মজীবনীতে বিতর্কিত মন্তব্য করায় রুনির বিরুদ্ধে মামলাও করেছিলেন মোয়েস। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে এই দুজনের সম্পর্কটা কী অবস্থায় দাঁড়াবে, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট