ওল্ডট্র্যাফোর্ডে দায়িত্ব নিচ্ছেন ফন গাল?

ডেভিড ময়েসের ব্যাপারে কী তবে হাত ধুয়েই ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড-কর্তারা? যদি তা না হয়, তবে কেন তাঁরা আলোচনায় বসলেন হল্যান্ড কোচ লুই ফন গালের সঙ্গে। ব্যাপারটিকে অনেকেই দেখছেন ময়েসের জায়গায় নতুন একজন ‘হাইপ্রোফাইল’ কোচের নিয়োগ-প্রক্রিয়া হিসেবে।
এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা নিয়ে আলোচনাও করতে চাইবেন না ক্লাবটির সমর্থকেরা। এ যে একেবারে আকাশ থেকে ভূমিতে পতন। শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেছে সেই কবেই, ইউনাইটেড আগামীবার চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে বলেও মনে হচ্ছে না। যে ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯ বছর আগে। এমনিতে কোচের ওপর খড়্গহস্ত হওয়া ইউনাইটেডের ঐতিহ্যের সঙ্গে যায় না। তবে ময়েসের ব্যাপারে বোধ হয় ধৈর্য ধরে রাখতে পারছে না ক্লাবটির নীতি নির্ধারকদের একাংশ। ময়ের রুনি-ফন পার্সিদের ভেতর থেকে সেরাটা বের করে আনার মতো যথেষ্ট উজ্জীবিত করতে পারছেন না বলেও সমালোচনা হচ্ছে।
এরই মধ্যে ব্রিটিশ গণমাধ্যমের দাবি, সম্প্রতি ইউনাইটেড-কর্তারা নাকি ইউরোপের কোনো এক জায়গায় হল্যান্ড কোচ ফন গালের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যদিও ইউনাইটেড কর্তৃপক্ষ ব্যাপারটি স্বীকার করেনি, কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ঠিকই বের করেছে হল্যান্ডের সূত্র। সেই সূত্রের দাবি, দুই পক্ষের মধ্যে একটা বৈঠক হয়েছে। তবে এই বৈঠকটিকেই চূড়ান্ত কিছু ধরে নেওয়া ঠিক হবে না। যদিও ইংলিশ মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গেছে, ফন গালই কি হতে যাচ্ছেন লাল শিবিরের পরবর্তী কোচ!
ফন গালের ক্যারিয়ার প্রোফাইলের সঙ্গে কিন্তু তুলনাতেই আসেন না ময়েস। এভারটনে দীর্ঘ দিন থেকে যথেষ্ট নাম কুড়িয়েছিলেন বটে। কিন্তু ফন গাল ডাচ জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা-প্রসূত। আছে আয়াক্স, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো দলের কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও। এই মুহূর্তে হল্যান্ডের কোচের দায়িত্বে থাকা ফন গালের চাকরির মেয়াদ শেষ হচ্ছে জুনের বিশ্বকাপের পরপরই। তাই ঝাড়া হাত-পা ফন গালকে নিজেদের কোচ হওয়ার প্রস্তাব দিতেই পারে ইউনাইটেড।
হল্যান্ড জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না ফন গাল। সম্প্রতি টটেনহামও নাকি তাঁকে কোচ হওয়ার প্রস্তাব পাঠিয়েছে। তবে সূত্র মতে, ওল্ড ট্র্যাফোর্ড থেকে ফোন পেয়ে তিনি এই মুহূর্তে টটেনহামের ব্যাপারে আগ্রহ হারিয়েছেন। সূত্র: ডেইলি মেইল ও দ্য মিরর।