ওসিএর অ্যাথলেটিকস কমিটিতে মাহফুজ
অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) অ্যাথলেটিকস কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারপারসন মাহফুজা এএফসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আগেই। ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্য হয়েছেন। কিন্তু পরশু ওসিএর সাব-কমিটিতে পদ পাওয়াটা তাঁর কাছে বেশি আনন্দের। কাল অনেক নারী খেলোয়াড়-কর্মকর্তা তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাফুফে ভবনে এসে। মিষ্টিমুখ না করিয়ে অবশ্য ছাড়েননি কাউকেই। উচ্ছ্বসিত মাহফুজা এটাকে দেখছেন বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের আরেক ধাপ অগ্রগতি, ‘ওসিএর এই কমিটিতে বাংলাদেশের অ্যাথলেটিকস উন্নয়নে ভূমিকা রাখতে চেষ্টা করব। আশা করি, ইতিবাচক একটা ফল পাব আমরা।’ উল্লেখ্য, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বর্তমানে ওসিএর আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য। তবে বাংলাদেশের প্রথম নারী হিসেবে মাহফুজা ওসিএর কোনো কমিটিতে থাকার সুযোগ পাচ্ছেন।