ওস্তাপেঙ্কোর ইতিহাস

প্রকৃতিই সম্ভবত ঠিক করে রেখেছিল, ইতিহাসটা গড়লে ইয়েলেনা ওস্তাপেঙ্কোই গড়বেন।
কী ইতিহাস? প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা, সেটিও কোনো গ্র্যান্ড স্লামে, তাতে শিরোপাও জেতা! এমন কীর্তি সর্বশেষ গড়েছিলেন ব্রাজিলের গুস্তাভো কুয়ের্তেন। ১৯৯৭ সালের ৮ আগস্ট টেনিস বিশ্বকে চমকে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা। ওস্তাপেঙ্কোর জন্মও ঠিক সেদিনই!
কুয়ের্তেনের ২০ বছর পর এই প্রথম কুয়ের্তেনের কীর্তিটা গড়লেন সেই ওস্তাপেঙ্কোই! এবারের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালই ছিল লাটভিয়ান টেনিস-কন্যার ক্যারিয়ারের প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা। তাতেই ইতিহাস। কাল ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতলেন অবাছাই এই তারকা।
প্রথম সেটে যে ব্যবধানে হারলেন, দ্বিতীয় সেটে হালেপকে হারালেন ঠিক সেই ব্যবধানেই। আর তৃতীয় সেটে? চার গেম পর পিছিয়ে ছিলেন ৩-১-এ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন টানা পাঁচটি গেম! জিতলেন শিরোপাও। গার্ডিয়ান।