ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে বাকি
কোটা প্লেস নিয়ে নিজের যোগ্যতায় রিও অলিম্পিকে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু বেশ কয়েকবার অলিম্পিকের বাছাইপর্বে খেলেও কোটা প্লেস পাননি আবদুল্লাহ হেল বাকি। শেষ পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়েই আগস্টে ব্রাজিল যাবেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই শ্যুটার। শ্যুটিং ফেডারেশনকে বিষয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে খেলবেন বাকি।
ওয়াইল্ড কার্ড নিয়ে এবারের অলিম্পিকে খেলোয়াড় পাঠাতে একাধিক ফেডারেশন আবেদন করেছে। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আর্চারি, বক্সিং, ভারোত্তোলন, সাঁতার ও অ্যাথলেটিকস ফেডারেশনকে ওয়াইল্ড কার্ড দেওয়ার বিষয় বিবেচনায় রেখেছে।
গত সপ্তাহে শেষ হওয়া জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ না খেলেই বাকি ৮ মে জার্মানিতে গেছেন। সেখানে হ্যানোভার আন্তর্জাতিক শু৵টিং চ্যাম্পিয়নশিপ ও মিউনিখে বিশ্ব শু৵টিংয়ে অংশ নেবেন। প্রতিযোগিতায় খেলছেন শোভন চৌধুরীও। তাঁর জন্যও ওয়াইল্ড কার্ড পাওয়ার চেষ্টা করছে শু৵টিং ফেডারেশন।