ওয়াকওভার-কাণ্ডে ম্যাচ রেফারিও বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা হতে পারত অনেক জাঁকজমকপূর্ণ। ১৩টি দেশের শাটলারদের নিয়ে আয়োজন তেমনই হওয়ার কথা। আন্তর্জাতিক মানের ঢাকার উডেনফ্লোর দেখে ‘অতিথিরা’ খুশি। অথচ সেখানে চলছে স্বাগতিক বাংলাদেশ দলের লজ্জা থেকে মুখ লুকোনোর চেষ্টা। বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজের প্রথম দিনে নয়টি ম্যাচে ওয়াকওভার দিয়েছেন বাংলাদেশের ছয়জন পুরুষ এবং দুজন নারী খেলোয়াড়। গোটা আয়োজনেই কালি লেপে দিয়েছে এ ঘটনা। কাল দ্বিতীয় দিনেও ওই খেলোয়াড়েরা নেই। যদিও প্রথম দিনেই ওয়াকওভার দিয়ে তাঁরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন।বাংলাদেশ পুরুষ দলে ১৪ খেলোয়াড়ের আটজন খেলছেন। ১০ সদস্যের নারী দলের আটজন আছেন খেলায়। কিন্তু কোর্টে তাঁদের খেলার ফল নয়, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আহসান হাবিব, রইস উদ্দিনদের অবিশ্বাস্য ওয়াকওভার-কাণ্ডে সবাই বরং জানতে চাইছে, আন্তর্জাতিক ব্যাডমিন্টনে বাংলাদেশের কোনো বড় ক্ষতি হবে কি না?টুর্নামেন্টের ম্যাচ রেফারি ভারতের অনিল সিং সেই শঙ্কা দূর করলেও বৃহত্তর ক্ষতিটা তো থাকছেই। জয়পুরের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় এবং স্থানীয় এক পত্রিকায় ১৫ বছর ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করা অনিল বলছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের জন্য ২৫০ ডলার জরিমানা দিলেই আইনগতভাবে আর কোনো ক্ষতি নেই। যেকোনো টুর্নামেন্টেই দু-একটা ওয়াকওভার হতে পারে। কিন্তু এমন গণওয়াকওভার আগে দেখিনি। আমি খানিকটা বিস্মিত। গত ২৯ তারিখ ড্র হয়েছে, তারপর নাম প্রত্যাহার করতে চাইলে জরিমানার দিতেই হতো।’তাঁর সংযোজন, ‘এখানে থাকা-খাওয়াসহ বাকি সবই ঠিক আছে। কোনো অভিযোগ শুনিনি। ওয়াকওভারের ঘটনাটা বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকরই হলো। তবে এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশনকে দেওয়া আমার রিপোর্টটা নেতিবাচক প্রভাব ফেলবে না বলতে পারি।’ তবে যা-ই হোক, বাংলাদেশকে ভবিষ্যতে ভালো চোখে দেখবে না এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন, এটা না বললেও চলছে।ওদিকে কোর্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশের খেলোয়াড়েরা। পুরুষ এককে জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ সেরা ষোলোয় যেতে পেরেছেন। মেয়েদের এককে কোয়ার্টার ফাইনাল খেলেছেন শাপলা। প্রি-কোয়ার্টারে বিদায় এলিনার। পুরুষ দ্বৈতে প্রথম রাউন্ডেই বিদায়। মহিলা দ্বৈতে বাংলাদেশ বনাম বাংলাদেশ খেলা পড়ায় ওয়াকওভার পেয়ে বাংলাদেশেরই একটা জুটি সেমিতে। মিশ্র দ্বৈতে সেমিতে হার শ্রীলঙ্কার কাছে।